২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপি নেতা তারেক রহমানকে শুক্রবার চাঁদাবাজি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপি নেতা তারেক রহমানকে শুক্রবার চাঁদাবাজি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গুলশান এবং ধানমন্ডি থানায় দায়ের করা পৃথক দুটি চাঁদাবাজি মামলার তদন্তকারী কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৃথক দুটি চাঁদাবাজি মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ হোসেন এবং ধানমন্ডি থানার উপ-পরিদর্শক কাজী মাইনুল শুক্রবার দুপুর ১২টা থেকে নামাজের বিরতি ছাড়া একটানা সোয়া তিনটা পর্যন্ত তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ করেন। প্রধান ফটকের পাশে কারাধ্যক্ষের কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গুলশান থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ী খান মোহাম্মদ আফতাবউদ্দিনের দায়ের করা এক কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজি মামলায় তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ মামলায় তাকে প্রায় দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি আরো জানান, মামলার এজাহারে দেওয়া অভিযোগ এবং এ পর্যন্ত বিভিন্ন আসামির জবানবন্দি থেকে পাওয়া তথ্য সম্পর্কে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়। প্রয়োজন হলে আবারো তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও তিনি জানান। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক কাজী মাইনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঠিকাদার মীর জাহির হোসেনের দায়ের করা ৫৩ লাখ চাঁদাবাজি মামলায় তারেক রহমানকে প্রায় এক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/এসকে/২০০৬ঘ.