২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের দাম কমিয়ে আনতে বিকল্পধারার তিন প্রস্তাব

চালের দাম কমিয়ে আনতে বিদেশ থেকে চাল আমদানি, ইউনিয়ন পর্যায়ে ওএমএস চালু ও ইরি ধানের ফলন বৃদ্ধি- সরকারের কাছে এ তিন দফা দাবি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দাম কমিয়ে আনতে বিদেশ থেকে চাল আমদানি, ইউনিয়ন পর্যায়ে ওএমএস চালু ও ইরি ধানের ফলন বৃদ্ধি- সরকারের কাছে এ তিন দফা দাবি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় দলের নির্বাহী কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিঙে মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নান এ দাবি জানান। আগামী এক সপ্তাহের মধ্যে চালের দাম কমিয়ে আনার তাগিদ দিয়ে মেজর মান্নান বলেন, "'সিডর' আঘাত হানার পর সরকার দ্রুত ফসল উৎপাদনে ব্যবস্থা নিলে এমন সংকট হতো না। তবে এখনো সময় আছে, চালের দাম কমিয়ে আনা যাবে। সেজন্য এক সপ্তাহের মধ্যে চাল আমদানি এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় চাল বিক্রির ব্যবস্থা চালু করতে হবে। তবেই চলতি সংকটের সমাধান করা যাবে।'' এক প্রশ্নের জবাবে সাবেক বিএনপি প্রতিমন্ত্রী এম এ মান্নান মনে করেন, ''চাল সংকটের কারণে কোনো উপদেষ্টা পদত্যাগ করলেই সংকটের সমাধান হবে না। বরং এ সংকট থেকে সরকারকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।'' তিনি দুর্নীতি দমন ও সন্ত্রাস নির্মূলে তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, ''এক বছরে সন্ত্রাস ও দুর্নীতি অনেকটাই নির্মূল হয়েছে। এজন্য সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য রোধে তারা ব্যর্থ হয়েছেন।'' সংবাদ ব্রিফিঙে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ হালিম, ড. নুরুল আমিন ব্যাপারী, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল গিয়াস উদ্দিন চৌধুরী, জয়নাল আবেদীন, সাইদুর রহমান, মঞ্জুর রাশেদ ও সায়মা জলিল। এর আগে দলের জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন বিষয়ে আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮১০ঘ.