ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি দেশের সুশাসন প্রতিষ্ঠার পথে অন্তরায় তৈরি করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মতিউর রহমান নিজামী।
শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মজলিশে শুরার বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতিউর রহমান নিজামী বলেন, "ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো অবান্তর দাবি করে ইসলামের বিকাশের পথ রূদ্ধ করা যাবে না। এটা দেশে সুশাসন প্রতিষ্ঠার পথে অন্তরায় সৃষ্টি করবে।"
মতিউর রহমান নিজামী দ্রব্যমূল্য পরিস্থিতির উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি চাল আমদানিতে সরকারকে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি দক্ষিণাঞ্চলের ঘূর্নিঝড় বিধ্বস্ত এলাকায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও কৃষি পুনর্বাসনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালুর জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।
দেশে জরুরি অবস্থা জারি ও ২২ জানুয়ারির সংসদ নির্বাচন বাতিলের পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, "জনগণ ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যেতে চায় না। এটা কারো কাম্য নয়। সেজন্য রাজনৈতিক অঙ্গনে সংঘাত ও বিভেদ পরিহার করে ঐক্য ও সমঝোতার রাজনীতিতে আমাদের ফিরে আসতে হবে।"
বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সিনিয়র নায়েবে আমির মকবুল আহমেদ, এ কে এম নাছির আহমেদ ও এ কে এম ইউসুফ, সিনিয়র নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক, দেলোওয়ার হোসেন সাঈদী, এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলামসহ মজলিশে শুরার ১৯৫ জন সদস্য উপস্থিত ছিলেন। মজলিশে শুরার সদস্য সংখ্যা ২০১ জন।
বৈঠকের একাধিক সিনিয়র নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, নীতিনির্ধারণী এ ফোরাম দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচনের প্রস্তুতি ও করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/১২০০ ঘ.
bdnews24