২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন দাবি করেছে আ. লীগ

আওয়ামী লীগ এ বছরের মাঝামাঝি সময়ে মধ্যে সাধারণ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার দলের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সুরঞ্জিত সেনগুপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় রোডম্যাপ ভেঙ্গে জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে হবে।" দলের প্রধান শেখ হাসিনার মুক্তি এবং ভতুর্কি দিয়ে হলেও অবিলম্বে চলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্যও সরকারের প্রতি আহবান জানিয়েছে নেতৃবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 02:22 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ এ বছরের মাঝামাঝি সময়ে মধ্যে সাধারণ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার দলের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সুরঞ্জিত সেনগুপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় রোডম্যাপ ভেঙ্গে জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে হবে।" দলের প্রধান শেখ হাসিনার মুক্তি এবং ভতুর্কি দিয়ে হলেও অবিলম্বে চলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্যও সরকারের প্রতি আহবান জানিয়েছে নেতৃবৃন্দ। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় তার সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে এই বৈঠক বসে। সভাশেষে বৈঠকে যোগদানকারী সভাপতিমণ্ডলীর সব সদস্যই প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। জিল্লুর রহমান বলেন,"আমরা আন্দোলনের পক্ষে। আমরা সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছি। দিন দিন তা তীব্রতর হবে।" সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, "আমরা শেষ হাসিনাকে নিয়ে সত্যিই শঙ্কিত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি কি সত্যিই সুবিধাজনক অবস্থায় আছে? রাজনীতিবিদদের আটকানো ছাড়া আর কিছুই হয়নি। দেশের এই অবস্থায় আমরা নেত্রীর মুক্তি দাবি করছি।" এরপর আব্দুর রাজ্জাক বলেন, "জাতি এক সঙ্কটের মধ্যে দিয়ে চলছে। চালের দাম যে অবস্থায় গেছে কোনো কালেই তা এ অবস্থায় ছিল না। অনতিবিলম্বে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে চালের দাম আনতে হবে। ভর্তুকি লাগলে দিতে হবে। মানুষকে বাঁচাতে হবে, না হলে পরিস্থিতি ভয়াবহ হবে।" তোফায়েল আহমদ বলেন, "সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, তাদের ভালো-মন্দ বলার অধিকার আমাদের আছে।" তিনি জানান বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১১ জানুয়ারি আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলনের আয়োজন করবে। চালের মূল্য বৃদ্ধিকে 'দুর্যোগ' আখ্যায়িত করে এই সঙ্কট মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার জন্য সেনাপ্রধান জেনারেল মইন উ আহমদের বক্তব্যকে স্বাগত জানিয়ে তোফায়েল বলেন, "খাদ্য নিয়ে দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্যের প্রয়োজন।" সুরঞ্জিত সেনগুপ্ত চালের দাম কমাতে রেশন প্রথা চালু করার আহবান জানিয়ে বলেন, "ভতুর্কি দিয়ে হলেও মানুষকে বাঁচাতে হবে।" সবশেষে মতিয়া চৌধুরী বলেন, "সরকারের অবহেলা, উদাসীনতা ও সময়মতো ব্যবস্থা না নেওয়ায় চালের দাম বেড়েছে। সরকারের শৈথিল্য ও উদাসীনতা সরকারকেই পূরণ করতে হবে। আমরা এটা নিয়ে রাজনীতি করব না।" চিকিৎসার জন্য শেখ হাসিনা বিদেশে যেতে আগ্রহ প্রকাশ করেছেন বলে কারা মহাপরিদর্শক যে বক্তব্য রেখেছেন, সে প্রসঙ্গে জিল্লুর বলেন, "শেখ হাসিনার চিকিৎসার ব্যাপারে আমরা সরকারকে আরো সতর্ক হবার আহবান জানাব।" সভাপতিমণ্ডলীর বৈঠকের শুরুতেই ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতারা গত ২৯ ডিসেম্বর তাদের বৈঠক থেকে শেখ হাসিনার মুক্তির জন্য 'আইনি পদক্ষেপের পাশাপাশি জরুরি অবস্থার মধ্যেই নিয়মতান্ত্রিক কর্মসূচি নেওয়ার জন্য কেন্দ্রিয় আওয়ামী লীগের কাছে সুপারিশমালা' জিল্লুর রহমানের হাতে তুলে দেন। এ বিষয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত কী জানতে চাইলে জিল্লুর বলেন,"আমরা বিষয়টি দেখছি।" বিকাল পাঁচটায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে বৈঠকটি। এতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান এবং উপ-দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হকও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২১৫৭ ঘ.