ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেনের অবস্থা উন্নতির দিকে। তবে তিনি এখনো নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' মহাসচিবের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে চিকিৎসকরা আমাকে জানিয়েছেন। তবে তিনি আইসিইউতে পর্যবেক্ষণে আছেন।''
অধ্যাপক ফারুক পাঠানের তত্ত্বাবধায়নে খোন্দকার দেলোয়ার হোসেনের চিকিৎসা চলছে।
গত বুধবার বিকেলে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে গুরুতর অসুস্থ অবস্থায় বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। গত সেপ্টেম্বরেও খোন্দকার দেলোয়ার এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার বিকেলে জানান, '' বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করছেন। চিকিৎসা চলছে। '' তিনি মহাসচিবের রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৭২৯ঘ.
bdnews24