ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজশাহীর মেয়র বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলা স্থগিত করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মিনুর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
পাশাপাশি এ মামলাকে কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সরকারের প্রতি রুলনিশি জারি করা হয়েছে। রুলের জবাব দিতে এনবিআর ও সরকারকে তিন সপ্তাহের সময় দিয়েছে আদালত।
বুধবার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে মিনু রিট দায়ের করেন।
গত ২৮ নভেম্বর রাজশাহীর সিনিয়র বিশেষ জজ আদালতে এনবিআরের সহকারি কর কমিশনার মোসতাক আহমেদ মিনুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৪-০৫ কর বর্ষে জমা দেয়া আয়কর রিটার্নে ৩৯ লাখ ২১ হাজার ৫১৯ টাকা না দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন মিনুু। রিটের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট এএইচএম মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৬৫২ঘ.
bdnews24