২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে চিকিৎসা নিতে চান হাসিনা: কারা মহাপরিদর্শক

কারাগারে অন্তরীণ শেখ হাসিনা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান। তবে শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, এ ব্যাপারে তিনি বা হাসিনার স্বজনরা কিছু জানেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 06:00 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাগারে অন্তরীণ শেখ হাসিনা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান। তবে শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, এ ব্যাপারে তিনি বা হাসিনার স্বজনরা কিছু জানেন না। বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কারা মহাপরিদর্শক বলেন, "আমি সোমবার রাতে বিশেষ কারাগারে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। তখন তার চিকিৎসার বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা আমাকে বলেছেন, ইতোপূর্বে তিনি বিদেশে চিকিৎসা নিয়েছেন। এখন আবার বিদেশে গিয়ে চিকিৎসা নিতে চান।" জাকির হাসান আরও বলেন, "শেখ হাসিনা আরো কিছু ব্যক্তিগত সুবিধা চেয়েছেন। সেসব দাবি পূরণ হলে তবেই তিনি দেশের ভেতরে (কারাগারের বাইরে) মেডিকেল পরীক্ষা করাতে রাজি হবেন।" হাসিনার দাবিগুলো সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। কারাবিধি অনুযায়ী, কোনও বন্দিকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর নিয়ম বা নজির নেই বলেও মন্তব্য করেন কারা মহাপরিদর্শক। হাসিনার জন্য চিকিৎসক বোর্ড গঠন করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "এটা সম্পূর্ণ চিকিৎসকদের সিদ্ধান্তের বিষয়। ঢাকার কোনও হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা যদি মনে করেন তাহলে বোর্ড গঠন করা হবে। এর আগেতো তা করা সম্ভব নয়।" এদিকে শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনা আমাদের কখনও বিদেশে যাওয়ার বিষয়ে কিছু বলেননি, কোনও ইঙ্গিতও দেননি। গত সোমবার ওনার সঙ্গে আমাদের (আত্মীয়-আইনজীবী) শেষবার কথা হয়। তখনো এ বিষয়ে কোনও আলাপ হয়নি। তবে সরকার চাইলে সবই সম্ভব। সবকিছু নির্ভেের করছ সরকারের মর্জির ওপর।" এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক সংবাদ সম্মেলনে কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, "তার (হাসিনা) সুষ্ঠু চিকিৎসার জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা করা প্রয়োজন। কিন্তু এ ব্যাপারে তিনি অনীহা প্রকাশ করছেন। তার পছন্দের কোনো ক্লিনিকে গিয়ে চিকিৎসা নেবেন কি না তাও আমরা জানতে চেয়েছি। কিন্তু তিনি বারবার বলছেন, এসব বিষয়ে পরে জানাবেন।" সোমবার একটি চাঁদাবাজি মামলার শুনানি চলাকালে আদালতে অসুস্থ হয়ে পড়েন হাসিনা। পরে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়। ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে শেখ হাসিনাকে তার বাসভবন সুধাসদন থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/২৩৩৯ ঘ.