২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে দুদকের নোটিশ: লিভ টু আপিলের শুনানি শেষ

সম্পত্তির হিসাব চেয়ে শেখ হাসিনাকে পাঠানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ বাতিলের হাইকোর্ট রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ১০ জানুয়ারি এর ওপর রায় দেবেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের ওপর এর আগে আপিল বিভাগের দেয়া স্থগিতাদেশের মেয়াদ ওই তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 10:34 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সম্পত্তির হিসাব চেয়ে শেখ হাসিনাকে পাঠানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ বাতিলের হাইকোর্ট রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ১০ জানুয়ারি এর ওপর রায় দেবেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের ওপর এর আগে আপিল বিভাগের দেয়া স্থগিতাদেশের মেয়াদ ওই তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের দায়ের করা লিভ টু আপিলের ওপর শুনানি গ্রহণ করে এই আদেশ দেন। গত ২১ নভেম্বর সম্পত্তির বিবরণ চেয়ে শেখ হাসিনাকে পাঠানো দুদকের নোটিশ অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ২ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেছিল। এই সময়ের মধ্যে দুদকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছিল। আদালতের নির্দেশে দুদক লিভ টু আপিল দায়ের করে। শুনানিতে দুদকের পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, "দুদক আইন মেনেই শেখ হাসিনার সম্পত্তির হিসাব বিবরণ চেয়ে নোটিশ পাঠিয়েছে।" জবাবে শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক আইন না মেনে তা করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, "তদন্ত না করে মামলা দায়েরের আগেই শেখ হাসিনাকে অভিযুক্ত করে বলা হয়েছে তিনি অবৈধ সম্পত্তির মালিক হয়েছেন। কিন্তু আইন অনুযায়ী মামলা না করে কাউকে অভিযুক্ত করা যায়না।" জবাবে ফিদা এম কামাল বলেন, মামলা দায়েরের পর তদন্ত হয়। ১৬ জুলাই শেখ হাসিনার গ্রেপ্তারের পরদিন দুদক তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায়। ৫ আগস্ট এর বৈধতা নিয়ে রিট করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৬২৩ঘ.