২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু বিচার না হলে জনগণই খালেদাকে মুক্ত করতে এগিয়ে আসবে: গয়েশ্বর

জনগণ যদি মনে করে খালেদা জিয়া সুষ্ঠু বিচার পায়নি, তখন তারাই তাকে মুক্ত করার জন্য এগিয়ে আসবে। এ কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। তার মতে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় হলেও নিরপেক্ষ নয়। খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন বিএনপির এ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

বরিশাল, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণ যদি মনে করে খালেদা জিয়া সুষ্ঠু বিচার পায়নি, তখন তারাই তাকে মুক্ত করার জন্য এগিয়ে আসবে। এ কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। তার মতে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় হলেও নিরপেক্ষ নয়। খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন বিএনপির এ নেতা। ঘূর্ণিদুর্গত দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকা ঘুরে বুধবার বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির দেলোয়ারপন্থী হিসেবে পরিচিত অংশের কেন্দ্রীয় ত্রাণ সমন্বয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি। বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজনের বাসায় মতবিনিময় সভায় গয়েশ্বর রায় বলেন, "দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি তত্ত্বাবধায়ক সরকারের বৈরী আচরণের কারণে তাদের নিরপেক্ষতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। এ সন্দেহ শুধু রাজনৈতিক দলগুলোরই নয়, দেশবাসীও এখন তাদের নিরপেক্ষ ভাবতে পারছে না।" খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে গয়েশ্বর রায় বলেন, "ক্যাপ্টেন ছাড়া কী খেলা হয়?" মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হলে সে বিচার প্রক্রিয়া পর্যালোচনা করা হবে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, "জনগণ যদি মনে করে খালেদা জিয়া সুষ্ঠু বিচার পায়নি, তখন জনগণই তাকে মুক্ত করার জন্য এগিয়ে আসবে।" সিডর বিধ্বস্ত জনপদে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার বিষয়ে কারা অন্তরীণ খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তি দাবি করা হয়েছিলো জানিয়ে গয়েশ্বর রায় বলেন, "তারা মুক্ত হয়ে সমন্বয়ের মাধ্যমে দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালাতে পারলে ক্ষতিগ্রস্তরা অল্প সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারত।" জরুরি অবস্থা ত্রাণ কার্যক্রম পরিচালনায় অন্তরায় দাবি করে বিএনপি নেতা বলেন, "অন্তত ঘূর্ণিদুর্গত এলাকায় জরুরি অবস্থা প্রত্যাহার হলে বড় দুটি রাজনৈতিক দলের কর্মীরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে পারতো।" দুর্গত এলাকা ঘুরে নিজের অভিজ্ঞতার বিষয়ে গয়েশ্বর রায় বলেন, "ক্ষতিগ্রস্ত জনপদের শ্রমজীবীরা এখনও ত্রাণ নির্ভর। অপর দিকে মধ্য ও নিু মধ্যবিত্তরা এখনও অর্ধহারে দিন কাটাচ্ছে।" এ থেকে উত্তরণে রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং মেরামতের কাজে ত্রান নির্ভর শ্রমিকদের কাজে লাগানোর পরামর্শ দেন গয়েশ্বর রায়। এর পাশাপাশি মধ্য ও নিু মধ্যবিত্ত কৃষকদের চাহিদা অনুযায়ী বিনামূল্যে বীজ, সার এবং কীটনাশক সরবরাহ এবং সহজ শর্তে ঋণ দেয়াসহ পুরনো ঋণ মওকুফের দাবি জানান তিনি। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সাংসদ আবুল হোসেন খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০৬ ঘ.