ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ থাকায় ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর চাঁদাবাজির মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য শেখ হাসিনাকে মঙ্গলবার আদালতে হাজির করা যায়নি। এদিন আসামি পক্ষের আইনজীবীরা মামলার আলামত পরীক্ষণ শেষ করলে আদালত ৬ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
আসামিপক্ষের অন্যতম আইনজীবী ব্যারিস্টার সফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবারের ধারাবাহিকতায় আজ আমরা নথি দেখা শেষ করেছি। নথিতে এ মামলায় অভিযোগ গঠনের মতো কোনো বিষয় নেই। তাই আগামী রোববার আমরা আসামিদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন জানাবো।"
দুপুর দেড়টায় আসামিদের নথি দেখা শেষ হলে বিচারক মো. আজিজুল হক মামলাটির পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এর আগে সকালে মহানগর দায়রা জজ মো. আজিজুল হক উভয়পক্ষের আইনজীবীদের জানান, কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে শেখ হাসিনা অসুস্থ; এখন পর্যন্ত শেখ হাসিনার যে অবস্থা সে অবস্থায় তিনি আদালতে উপস্থিত হতে পারবেন না।
আসামিপক্ষের আইনজীবী শামসুল হক টুকুও শেখ হাসিনা অসুস্থ থাকায় তাকে হাজির করা যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এ অবস্থায় হাসিনাকে ছাড়াই সকাল ৯টা ৩২ মিনিটে হাসিনার আইনজীবীরা মামলার আলামত ও কাগজপত্র পর্যবেক্ষণ শুরু করেন। এর আগে ৯টা ১৫ মিনিটের দিকে হাজির করা হয় এ মামলার অন্য আসামি শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমকে।
তবে মামলার কার্যক্রম শুরু হওয়ার পর পরই মহানগর দায়রা জজ আজিজুল হক ৯টা ৩৪ মিনিটের দিকে খাস কামরায় ফিরে যান।
খাস কামরায় ফিরে যাওয়ার আগে বিচারক আজিজুল হক উভয় পক্ষের আইনজীবীদের জানান, যেহেতু পর্যালোচনা চলছে এবং শুনানি হচ্ছে না, সেহেতু তার সেখানে থাকার প্রয়োজন নেই। এই বলে তিনি এজলাস থেকে বেরিয়ে পড়েন।
মামলার কার্যক্রম চলার সময় যেন আসামিরা আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা না বলে সে বিষয়েও আসামিপক্ষের আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
শেখ সেলিমকে বিশেষ এজলাসে নিয়ে আসা হলেও সোমবারের তুলনায় মঙ্গলবার আদালতে আসামিপক্ষের আইনজীবীদের উপস্থিতির হার ছিল অনেক কম।
সোমবার ওই চাঁদাবাজি মামলার বিচার কাজ চলাকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। পরে আদালতের পরামর্শে অসুস্থতার কথা উল্লেখ করে হাসিনার আইনজীবীরা আবেদন করলে আদালত তাকে এজলাস থেকে বিশেষ কারাগারে নিয়ে যাওয়ার অনুমতি দেয়।
২৬ ডিসেম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হক ৩১ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছিলেন। ওইদিন সংসদ ভবন এলাকায় স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে মামলাটির শুনানি শুরু হয়। শুরুর দিন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে আদালতকে অবহিত করেন। একই সঙ্গে তিনি মামলাটির অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর জন্য আবেদন জানান।
ব্যবসায়ী আজম চৌধুরীর চাঁদাবাজি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমকে আসামী করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে ।
বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে প্রায় ৩ কোটি টাকা চাঁদা নেয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন।
শেখ হাসিনাকে ১৬ জুলাই ভোরে সুধাসদন থেকে আটক করার পর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগেই গ্রেপ্তার হন শেখ সেলিম। ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
২৪ জুলাই মামলার অভিযোগপত্রে প্রধান দুই আসামীর পাশাপাশি শেখ রেহানাকেও আসামি করা হয়। শেখ হাসিনা ও শেখ সেলিম কারাগারে রয়েছেন। যুক্তরাজ্যপ্রবাসী শেখ রেহানাকে অভিযোগপত্রে 'পলাতক' দেখানো হয়েছে।
ওদিকে, মামলা কার্যক্রম শুরু হওয়ার আগ থেকেই সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় এর ধারে কাছেও কেউ ভিড়তে পারেনি।
তবে সংসদ ভবনের রাস্তার অপর পাশে মণিপুরীপাড়া এলাকায় মূল রাস্তার ফুটপাথে সারিবদ্ধভাবে আওয়ামী লীগের তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইয়াফেস ওসমানসহ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকসহ শতাধিক দাঁড়িয়ে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /পিসি/এসইউএম/এএল/জিএনএ/এমএ/১৪০৩ ঘ.
bdnews24