২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে ধর্মভিত্তিক দলকে অযোগ্য ঘোষণা চায় জাসদ ও সাম্যবাদী দল

ধর্মভিত্তিক দল ও যুদ্ধাপরাধীদের রাজনীতি এবং নির্বাচনে অযোগ্য ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও সাম্যবাদী দল (মা-লে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 03:02 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধর্মভিত্তিক দল ও যুদ্ধাপরাধীদের রাজনীতি এবং নির্বাচনে অযোগ্য ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও সাম্যবাদী দল (মা-লে)। সোমবার জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ১৪ দলের শরিক দলগুলোর একটি অভিন্ন অবস্থান গ্রহণের লক্ষ্যে সোমবার কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ও সাম্যবাদী দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামী নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচনে কালো টাকা, ধর্ম, আঞ্চলিকতা, অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ এবং ঋণখেলাপি ও যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিষয়ে অভিন্ন অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়ার আহ্বান জানানোর বিষয়ে একমত পোষণ করা হয়। একইসঙ্গে মুক্তিযুদ্ধের সরাসরি বিরুদ্ধাচারণকারী জামায়াতে ইসলামীসহ অন্য ধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতি ও নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবির বিষয়েও বৈঠকে মতৈক্য হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/২৩০৪ ঘ.