ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এরশাদের সমর্থনপুষ্ট জাতীয় পার্টির সংস্কারের জন্য শনিবার ১৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এর আহ্বায়ক হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
সংস্কার কমিটি দলের গঠনতন্ত্র সংশোধনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তৈরি করবে। এ বিষয়ে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংস্কার কমিটি যত দ্রুত সম্ভব পার্টির গঠনতন্ত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা দেবে। এ জন্য আমরা শিগগিরই কাজ শুরু করব।"
সংস্কার কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, এ বি এম রুহুল আমিন হাওলাদার, এম এ সাত্তার, ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, জি এম কাদের, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মজিবুর রহমান, নাসিম ওসমান, এম এম হান্নান, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম হাবিব দুলাল, অধ্যাপক দেলওয়ার হোসেন খান, কাজী মাহমুদ হাসান, আবু সুফিয়ান, মোস্তফা জামাল হায়দার ও ফকির আশরাফ।
এদের মধ্যে জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সংস্কার কমিটির সদস্য সচিব করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৮৪০ ঘ.
bdnews24