ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, "বিএনপি সংস্কার বিরোধী নয়, তবে মান্নান ভূঁইয়ার মতো কোনো অভিনব প্যাকেজ সংস্কার প্রস্তাবের সঙ্গে আমরা নেই।"
রোববার দুপুরে জাতীয় সংসদের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি একথা বলেন।
খোন্দকার দেলোয়ার বলেন, "দলে কোনো বিরোধ নেই। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একাট্টা। যারা ভাবেন বিএনপি খন্ড খন্ড হলে তাদের ভাল হবে, তাদের জন্য এটা কল্পনা ছাড়া কিছুই নয়।"
চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহের সঙ্গে বিরোধের ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের দৃষ্টি আর্কষণ করে বিএনপি মহাসচিব বলেন, "আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। ঝগড়ার খবর কাল্পনিক।"
মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন অংশের সভাকে বিএনপির কোনো সভা নয় মন্তব্য করে তিনি বলেন, "এটি অবৈধ সভা। ওই সভা সুপার ফ্লপ করেছে। মুখ চেনা কিছু নেতা ছাড়া কেউই সেই সভাতে যোগ দেয়নি।''
তিনি ভবিষ্যৎ বাণী করেন, মান্নান ভূঁইয়ার সঙ্গে আস্তে আস্তে লোকজন কমে যাবে। তার সঙ্গে কোনো নেতা-কর্মী থাকবে না।
এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, ''বিগত বিএনপির সরকার সর্ম্পকে মান্নান ভূঁইয়ার সমালোচনা মানায় না। কারণ তিনি নিজেই মন্ত্রী ছিলেন। তার উচিৎ এ বিষয়ে সংযত হয়ে কথা বলা।''
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আর গনি, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, রিজভী আহমেদ এ সময়ে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এমএ/ ১৬২৫ ঘ.
bdnews24