ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোলা-৪ আসনে (চরফ্যাশন-মনপুরা) বিএনপিদলীয় সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমের বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ভাংচুর ও লুটপাটের মামলায় মঙ্গলবার ভোলা আমলি আদালতের বিচারক ম্যাজিস্টেট মো. আশফাকুল নুমান নাজিমউদ্দিন আলমসহ ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. হাসান মিন্টুর বাড়িতে বিএনপির কিছু লোক হামলা, ভাঙচুর, বোমাবাজি লুটপাট চালায়।
ওই ঘটনায় চলতি বছর ১ মার্চ হাসান মিন্টু সাবেক সাংসদ নাজিমউদ্দিনকে প্রধান আসামি করে স্থানীয় বিএনপির আরও ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্তের পর আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
গত ২৮ আগস্ট বিস্ফোরক আইনের মামলায় আলমসহ অভিযুক্তরা আদলতে হাজির না হওয়ায় ভোলা জেলা ও দায়রা জজ আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মঙ্গলবার ভাঙচুর ও লুটপাটের মামলায়ও অভিযুক্তরা আমলি আদালতে হাজির হননি। তাই এ আদালতও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নাজিমউদ্দিন আলম জানান, ওই মামলায় তিনিসহ অন্যরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। শিগগিরই তারা বিচারিক আদালতে হাজিরা দেবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমআই/১৯৫৫ ঘ.
bdnews24