ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নির্বাচনী আইন সংস্কার নিয়ে বুধবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে নির্বাচন কমিশন। কমিশন ঘোষিত বাংলা বর্ণানুক্রম অনুসারে প্রথম দিন ইসলামী ঐক্য জোটের সঙ্গে আলোচনা হবে।
নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। খসড়া আইনের যে সব বিষয়ে কমিশন ও রাজনৈতিক দল একমত হবে তা নিয়ে আলোচনার দরকার হবে না। কেবল খসড়া আইনের যে বিষয়গুলোতে মত পার্থক্য দেখা দেবে সেসব নিয়েই আলোচনা হবে।"
তিনি জানান, ঘরোয়া রাজনীতি চালু হওয়ায় রাজনৈতিক দলগুলো খসড়া আইন নিয়ে দলীয় ফোরামে আলোচনা করতে পারবে।
তিনি আরো বলেন, "খসড়া আইন নিয়ে ইসলামী ঐক্য জোট মঙ্গলবার তাদের মজলিসে শূরায় বসছে বলে আমাদের জানিয়েছে।"
সাখাওয়াত হোসেন জানান, নির্ধারিত ১৫ টি দলের বাইরে আরো অনেক দল আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে আবেদন করেছে। এ সব দলকে বিগত যে কোন সংসদে অন্তত একটি আসন অথবা নিবন্ধনের শর্ত পূরণ করেই আলোচনায় আসতে হবে। নতুন দল বা উপদলের ক্ষেত্রেও এ সব শর্ত প্রযোজ্য হবে।
এরশাদ সমর্থিত জাতীয় পার্টি আলোচনার দিনক্ষণ পেছানোর জন্য অনুরোধ করেছে বলে তিনি জানান।
বাংলা বর্ণানুক্রমে ১৫ টি রাজনৈতিকদলকে আলোচনার জন্য পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রত্যেক দলের সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি আলোচনায় অংশ নিতে পারবেন। আর নির্ধারিত সময়ের ১৫ থেকে ২০ দিন আগে কমিশন রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ ও সংস্কার আইনের খসড়া পাঠাতে শুরু করেছে।
গত ২৮ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দিনক্ষণ ঘোষণা করেন। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর - এই তিনমাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে অলোচনা চলবে।
কমিশনের ঘোষিত তালিকা অনুসারে ১২ সেপ্টেম্বর ইসলামী ঐক্য জোট, ১৬ সেপ্টেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ, ২০ সেপ্টেম্বর গণতন্ত্রী পার্টি, ২৭ সেপ্টেম্বর জাতীয় পার্টি, ৪ অক্টোবর জাতীয় পার্টি (মঞ্জু), ৯ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), ২২ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-রব), ২৫ অক্টোবর জামায়াতে ইসলামী বাংলাদেশ, ২৮ অক্টোবর ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর), ৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ, ১১ নভেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ১৫ নভেম্বর জাতীয় পার্টি (নাজিউর), ২২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ২৫ নভেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং ২৯ নভেম্বর সাম্যবাদী দল (এম-এল) সঙ্গে আলোচনা হওয়ার কথা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএসবি/এমএ/১৮৪০ ঘ.
bdnews24