ঢাকা, সেপ্টেম্বর১১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা বাতিল আবেদনের শুনানির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এই তারিখ ধার্য করেন।
ফ্রিগেট ক্রয়, বেপজায় পরামর্শক নিয়োগ ও মেঘনা ঘাট বিদ্যুৎ প্রকল্প স্থাপন দুর্নীতি মামলা বাতিলের শেখ হাসিনার তিনটি আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণের জন্য হাইকোর্টের এই বেঞ্চের ১, ২ ও ৩ নং ক্রমিকে অন্তর্ভূক্ত ছিল।
শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ ও সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম শুনানির দিন নির্ধারণের আবেদন জানালে আদালত তাদের আবেদন মঞ্জুর করে ২৩ সেপ্টেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেন।
গত ৬ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর ও বিচারপতি মো. আতাউর রহামন খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলা বাতিলের শেখ হাসিনার আবেদন খারিজ করে দেয়।
শেখ হাসিনার কৌসুলিদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ওই বেঞ্চ ৯ সেপ্টেম্বর ফ্রিগেট ক্রয়, বেপজায় পরামর্শক নিয়োগ ও মেঘনা ঘাট বিদ্যুৎ প্রকল্প স্থাপন দুর্নীতি মামলা বাতিলের শেখ হাসিনার আবেদন তিনটি ওই বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএ/১৩৫৫ঘ.
bdnews24