ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে মিগ- ২৯ দুর্নীতি মামলার কার্যক্রমের ওপর স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বজায় রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট।
আপিল বিভাগের চেম্বার বিচারক হাসান আমিনের আদালত সোমবার শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহেমদ জানিয়েছেন, এর ফলে নিম্ন আদালতে মিগ- ২৯ মামলার কার্যক্রম স্থগিত থাকবে।
গত ৬ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ মিগ- ২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনাসহ ছয়জনের আবেদন খারিজ করে দেয়।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে হাসিনাসহ পাঁচজন সুপ্রিমকোর্টে আপিল করে রায় স্থগিতের আবেদন জানান। এর ওপর শুনানিতে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার রফিক উল হক।
তারা বলেন, ২০০১ সালে মিগ- ২৯ কেনায় দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের পর হাইকোর্ট ২০০৩ সালে নিম্ন আদালতের এর বিচার কার্যক্রম স্থগিত করে দেয়। সে স্থিতাবস্থা এখনো চলছে।
শুনানিতে তারা আরও বলেন, মামলা বাতিলের আবেদন খারিজের বিষয়ে হাইকোর্টের রায়ের কপি পেলে তারা নিয়মিত আপিল আবেদন করবেন। সে সময় পর্যন্ত তারা হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চান।
এর বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, শিগগিরই হাইকোর্টের রায়ের কপি পাওয়া যাবে। এর জন্য রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন নেই।
আদালত সংক্ষিপ্ত শুনানি শেষে আদেশে বলেন, হাইকোর্টের রায়ের কপি পেলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এর বিরুদ্ধে নিয়মিত আপিল করতে হবে। এই সময় পর্যন্ত মিগ-২৯ দুর্নীতি মামলার কার্যক্রমের ওপর স্থিতাবস্থা থাকবে।
হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার শফিক আহমেদ পরে সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায়ের নকল কপি পেলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমরা নিয়মিত আপিল দায়ের করব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৬৪৪ ঘ.
bdnews24