ঢাকা, সেপ্টেম্বর ১০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দলীয় কার্যালয়ে ঢুকতে না দেয়ায় সরকারের বিরুদ্ধে নিজের ঘোষণা ভঙ্গের অভিযোগ করেছেন বিএনপির নতুন মহাসচিব খোন্দকার দোলোয়ার হোসেন। তিনি বলেছেন, ঘরোয়া রাজনীতি তুলে নেওয়ার পরও মহাসচিবের দায়িত্ব পালন করতে দলের কার্যালয়ে ঢুকতে না দিয়ে তার রাজনৈতিক অধিকার খর্ব করেছে সরকার।
সরকার নিজেই ঘরোয়া রাজনীতি থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও আমাদেরকে কার্যালয়ে ঢুকতে না দিয়ে নিজের ঘোষণা ভঙ্গ করেছে। তিনি দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের কাছে সদ্য খালেদা জিয়ার নিযুক্ত মহাসচিব খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। এ সময় দলের নেতা কর্মীরা মুহুর্মুহু করতালি এবং খালেদা জিয়ার পক্ষে স্লোগান দেন।
একটি প্রাইভেট কারে করে খোন্দকার দেলোয়ার হোসেন নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে আসেন। নেতা কর্মীদের প্রচণ্ড ভিড় ঠেলে তিনি মূল দরজার বন্ধ কলাপসিবল গেটের কাছে যান। এসময় পুলিশ পথ আটকে গেটের সামনে সারিবদ্ধভাবে দাড়িয়ে ছিল।
খোন্দকার দেলোয়ার কর্তব্যরত পুলিশ কর্মকর্তার কাছে নিজের পরিচয় দিয়ে বলেন," আমি দলের মহাসচিব। অফিস করতে এসেছি। আমাকে ঢুকতে দিন।"
জবাবে ওই পুলিশ কর্মকর্তা ভেতরে প্রবেশ করা যাবে না বলে তাকে জানান । পরে উর্দ্ধতন কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য তিনি চলে যান। কয়েক মিনিট পরে ফিরে এসে ওই পুলিশ কর্মকর্তা জানান, "অফিসের ভেতরে প্রবেশের অনুমতি নেই। অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না।"
এরপর খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "আপনারাই দেখুন ঘরোয়া রাজনীতি থেকে কি ধরণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। একদিকে তারা বলছে ঘরোয়া রাজনীতি চালু করা হয়েছে। অপরদিকে আমাকে দলীয় দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। এভাবে দলের কার্যালয়ে ঢুকতে না দেওয়া মৌলিক অধিকারের পরিপন্থী।"
তিনি তুমুল করতালির মধ্যে দলীয় নেতাকর্মীদের অভিবাদনের জবাব দিয়ে বলেন, "আজ হাজার হাজার নেতাকর্মী বিএনপি অফিসের সামনে অপেক্ষা করছে। তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা অবৈধ ও অগণতান্ত্রিক।"
কিছুক্ষণ পরে তিনি কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে গাড়িতে নয়া পল্টন ছেড়ে যান। মহাসচিব চলে যাওয়ার পরও নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে দাড়িয়ে ছিলেন।
এরপর মেজর (অব) আখতারুজ্জামান সাংবাদিকদেরকে বলেন, "পুলিশ আজ আমাদের নিজের ঘরে প্রবেশ করতে না দিয়ে গর্হিত অপরাধ করেছে। এটা সম্পূর্ণ অবৈধ। গত পাঁচ বছরে এ পুলিশ বাহিনী চোর -দুর্নীতিবাজকে পাহারা দিয়েছে। আজও তারা আমাদের ঢুকতে না দিয়ে চোরদের পক্ষ সমর্থন করছে।"
খোন্দকার দেলোয়ার দলীয় কার্যালয়ে আসার সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, সাবেক সাংসদ সৈয়দ মাসুদ আহমেদ রুমি, অধ্যক্ষ সোহরাব হোসেন, মেজর (অব) আখতারুজ্জামান, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, রেহেনা আক্তার রানু, দলের সহ -দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, হাবিবুন্নবী খান সোহেল, মাহবুবুল আলম নান্নু ও সামসুজ্জামান মেহদী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমআরএফ/এসকে/১৫৩৬ঘ.
bdnews24