ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনই কেন্দ্রিয় কার্যকরী কমিটির অনানুষ্ঠানিক তাৎক্ষণিক বৈঠক করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)। আগামী এক সপ্তাহের মধ্যে দলটির কেন্দ্রিয় কার্যকরী কমিটি এবং জাতীয় কমিটির আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদের কেন্দ্রিয় কার্যালয়ে দলটির কেন্দ্রিয় কার্যকরী কমিটির অনানুষ্ঠানিক তাৎক্ষণিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এদিকে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এসময় সাংবাদিকদের জানান, রাজনৈতিক দল হিসাবে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে তার দল। এজন্য প্রধান উপদেষ্টার রোববারের ভাষণ তাদের সাহায্য করবে।
ইনু বলেন,"আজকের দিনটায় ভালো লাগছে। আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শুরু করতে চাই। এই সংলাপেই আমরা সমাধানে যেতে পারবো বলে বিশ্বাস করি। একই সঙ্গে আমরা নেতা-কর্মীদের সক্রিয় করতেও সক্ষম হবো।"
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নির্বাচন কমিশনের রোডম্যাপ বাস্তবায়ন করতে অনুকূল পরিস্থিতি তৈরি করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএ/১৪৫০ঘ.
bdnews24