২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারের সতর্ক প্রতিক্রিয়া, স্বাগত জানালেন মান্নান ভূঁইয়া

সরকার ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিএনপির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, এখন দেখার বিষয় সরকার নিষেধাজ্ঞা কতটুকু শিথিল করে। অন্যদিকে সংস্কারপন্থীদের নেতা আবদুল মান্নান ভূঁইয়া একে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বৈঠক করে নির্বাচন কমিশনের সঙ্গে আলাচনায় বসতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 04:43 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকার ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিএনপির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, এখন দেখার বিষয় সরকার নিষেধাজ্ঞা কতটুকু শিথিল করে। অন্যদিকে সংস্কারপন্থীদের নেতা আবদুল মান্নান ভূঁইয়া একে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বৈঠক করে নির্বাচন কমিশনের সঙ্গে আলাচনায় বসতে পারবে। রোববার রাতে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, ''ঘরোয়া রাজনীতি বলে সংবিধানে কিছু নেই। আমরা রাজনীতি উন্মুক্ত চাই। গণতন্ত্র ও নির্বাচনের স্বার্থে যত তাড়াতাড়ি এটা সরকার করবে তত ভালো হবে।'' তিনি বলেন,'' বিধি নিষেধ তুলে নেওয়ার বিষয়ে যে আশার সৃষ্টি হয়েছে, এখন দেখার বিষয় সরকার নিষেধাজ্ঞা কতটুকু শিথিল করে।'' অন্যদিকে রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরপরই মান্নান ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এর ফলে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বৈঠক করে নির্বাচন কমিশনের সঙ্গে আলাচনায় বসতে পারবে।" তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এই সিদ্ধান্তের কারণে নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা সম্ভব হবে। মান্নান ভূঁইয়া রাজনৈতিক দলগুলোর প্রতি এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করার আহবান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২২৩৩ ঘ.