ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা মামলায় রোববার অভিযোগ গঠন করা হয়েছে।
সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৪ এর বিচারক সামসুন্নাহার বেগম অভিযোগ গঠন করে আগামী ৯ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে গত ৭ আগস্ট এনবিআরের সহকারী কর কমিশনার নিগার সুলতানা বাদী হয়ে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে মামলা করেন।
এতে অভিযোগ করা হয়, আসামি ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত বিভিন্ন করবর্ষে এক কোটি ৭ লাখ ৩৯ হাজার ২৮৪ টাকার ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন।
গত ১৫ আগস্ট মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত- ৪ এ পাঠানো হয়।
একই অভিযোগে অন্য একটি মামলায় গত ২৯ আগস্ট ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/২০২০ ঘ.
bdnews24