২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া রাজনীতি চালু না হলে বিএনপি ইসির সংলাপে যাবে না : হান্নান শাহ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ব্রিগেডিয়ার (অবঃ) হান্নান শাহ বলেছেন, ঘরোয়া রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 05:05 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

বগুড়া, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ব্রিগেডিয়ার (অবঃ) হান্নান শাহ বলেছেন, ঘরোয়া রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেবে না। মঙ্গলবার বিকালে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। হান্নান শাহ বলেন, "শুধু বিএনপি কেন, হাত পা বাধা অবস্থায় কোনো রাজনৈতিক দলই সংলাপে যেতে রাজি হবে বলে মনে হয় না।" তিনি আরো বলেন, "তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বর্তমান সরকারকে 'আর্মি ব্যাকড্ জাতীয় সরকার' হিসেবে উল্লেখ করলেও পরদিন সেনা প্রধান মইন ইউ আহমেদ দাবি করেছেন এটা তত্ত্বাবধায়ক সরকার। তাদের বিপরীতমুখী বক্তব্যেই সরকারের মধ্যে দুটি ভিন্নমত ফুটে উঠেছে। আপনারা অপেক্ষা করুন আরও অনেক কিছুই দেখতে পাবেন।" সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে হান্নান শাহ বিকালে গোসাইবাড়ীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমএইচবি/২৩০০ ঘ.