২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানের কর ফাঁকি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক আওয়ামী লীগ সাংসদ এ কে এম শামীম ওসমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও আয়কর ফাঁকির মামলায় রাষ্ট্রপক্ষের সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 04:33 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

নারায়ণগঞ্জ, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক আওয়ামী লীগ সাংসদ এ কে এম শামীম ওসমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও আয়কর ফাঁকির মামলায় রাষ্ট্রপক্ষের সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জের বিশেষ জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে শামীম ওসমানের অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ৩ সেপ্টেম্বর যুক্তিতর্কের দিন ধার্য করা হয়। কর বিভাগের দায়ের করা মামলায় মঙ্গলবার সাক্ষ্য দেন অগ্রণী ব্যাংক ফতুল্লার সস্তাপুর শাখার ব্যবস্থাপক আবুল কাশেম, আরব-বাংলাদেশ ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক পরিতোষ সরকার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র ব্যবস্থাপক আবদুল কাইউম, নারায়ণগঞ্জ সদর উপজেলা সাব রেজিস্ট্রার ফাতেমা বেগম ও জয়েন্ট স্টক কোম্পানির ডেপুটি রেজিস্ট্রার আবদুল মান্নান। নারায়ণগঞ্জ আয়কর সার্কেল- ২ এর সহকারী কর কমিশনার মিহির লাল সরকার গত ৮ আগস্ট ৭৫ লাখ ২২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ১৪ লাখ ৪৫ হাজার টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন। এর আগে নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেওয়ায় দুদকের দায়ের করা একটি মামলায় শামীম ওসমানের তিন বছরের কারাদণ্ড হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/১০৩১ ঘ.