২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনকাল প্রকাশনা লিমিটেড বিলুপ্ত, আদালতে যেতে হচ্ছে না খালেদাকে

দিনকাল প্রকাশনা লিমিটেডকে বিলুপ্ত ঘোষণা করে খালেদা জিয়াসহ ১৩ পরিচালকের বিরুদ্ধে কোম্পানির হিসাব দাখিল না করা সংক্রান্ত ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদেরকে ত্রাণ ও কল্যাণ তহবিলে ছয় লাখ টাকা দান করারও নির্দেশ দেন আদালত। সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীসহ কোম্পানির তিন পরিচালকের দায়ের করা কোম্পানি বিলুপ্তির দু'টি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 04:06 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনকাল প্রকাশনা লিমিটেডকে বিলুপ্ত ঘোষণা করে খালেদা জিয়াসহ ১৩ পরিচালকের বিরুদ্ধে কোম্পানির হিসাব দাখিল না করা সংক্রান্ত ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদেরকে ত্রাণ ও কল্যাণ তহবিলে ছয় লাখ টাকা দান করারও নির্দেশ দেন আদালত। সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীসহ কোম্পানির তিন পরিচালকের দায়ের করা কোম্পানি বিলুপ্তির দু'টি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন। (আরও তথ্যসহ) রিট অবেদনকারীদের পক্ষের আইনজীবীরা বলেছেন, কোম্পানিটি বিলুপ্ত হলেও দৈনিক দিনকাল যথারীতি প্রকাশিত হবে। এছাড়া ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত হওয়ায় খালেদা জিয়াকে এজন্য নিু আদালতে হাজিরা দিতে হবে না। রায়ে আদালত বলেছেন, গত আট বছর ধরে দিনকাল প্রকাশনা লিমিটেড কোনো কাজ করছে না। তাই কোম্পানিটি বিলুপ্ত হওয়া সমীচীন। হাইকোর্ট কোম্পানি বিলুপ্ত করার প্রক্রিয়া শেষ করতে দিনকাল প্রকাশনা লিমিটেডের একজনকে প্রশাসক নিয়োগের নির্দেশ দেন। রায়ের কপি পাওয়ার ২১ দিনের মধ্যে পরিচালকরা তার কাছে কোম্পানির সম্পত্তির হিসাব জমা দেবেন। এ ছাড়া, প্রশাসককে ৬০ দিনের মধ্যে হাইকোর্টে সম্পত্তির হিসাব দিতে হবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিএমএম আদালতে কোম্পানি পরিচালকদের বিরুদ্ধে দায়ের করা ফৌজারি মামলার কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। আদালত বলেন, দিনকাল প্রকাশনা লিমিটেড বিলুপ্ত করার জন্য আবেদনকারী তিন পরিচালক রাজ্জাক আলী, মেজর (অব.) আব্দুল মান্নান, রোকনউদ্দিন মোল্লাসহ ১১ পরিচালককে দুই সপ্তাহের মধ্যে ছয় লাখ টাকা দান করতে হবে। এর মধ্যে বন্যার্তদের সাহায্যে সরকারি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঁচ লাখ টাকা ও সুপ্রিমকোর্ট কর্মচারী কল্যাণ তহবিলে এক লাখ টাকা দান করতে হবে। রায়ের প্রতিক্রিয়ার রিট আবেদনকারীদের পক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট টি এইচ খান বলেন, দিনকাল প্রকাশনা লিমিটেড গত আট বছর ধরে কাজ করছে না। জরুরি অবস্থার সুযোগ নিয়ে জয়েন্ট স্টক কোম্পানি একটি ফৌজদারি মামলা করেছে। মামলার আসামিদের মধ্যে অনেক বড় বড় নাম থাকায় নিম্ন আদালতে অত্যন্ত তরিৎ গতিতে মামলাটি দায়ের করা হয়। তিনি আরও বলেন, "খালেদা জিয়াকে আদালতে নেওয়া গেলে অনেকে খুব খুশি হতো। তাদের সেই আনন্দ উপভোগের আর সুযোগ রইল না।" দৈনিক দিনকাল পত্রিকার সঙ্গে দিনকাল প্রকাশনা লিমিটেডের কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, "কোম্পানিটি বিলুপ্ত হলেও দৈনিক দিনকাল যথারীতি প্রকাশিত হবে। ১৯৯৯ সালে দিনকাল প্রকাশনা লিমিটেড প্রতিষ্ঠার আগে ১৯৯১ সাল থেকেই পত্রিকাটি প্রকাশিত হচ্ছে।" গত ১১ জুন জয়েন্ট স্টক কোম্পানির ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মান্নান ঢাকার সিএমএম আদালতে দিনকাল প্রকাশনা লিমিটেডের ১৩ পরিচালকের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, আবদুস সালাম তালুকদার (মৃত), নুরুল আমিন তালুকদার (মৃত), মেজর (অব.) আব্দুল মান্নান, আলী আজগর লবী, রোকনউদ্দিন মোল্লা, গিয়াস উদ্দিন আল মামুনসহ ১৩ পরিচালকের বিরুদ্ধে কোম্পানির হিসাবসহ আয়কর রিটার্ন দাখিল না করার অভিযোগ এনে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। এ ১৩ জনকে ২৭ সেপ্টেম্বর হাজির হতে নির্দেশ দেয় সিএমএম আদালত। এর আগে গত ২২ জুলাই কোম্পানিটি বিলুপ্তির জন্য হাইকোর্টে দুটি আবেদন করা হয়। এর ওপর শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট টি এইচ খান, ব্যারিস্টার নওশাদ জমির, অ্যাডভোকেট আফজাল এইচ খান ও ব্যারিস্টার মুন্সি আহসান কবির। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২২০০ ঘ.