ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার দায়ে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে সাত বছর সশ্রম কারাদন্ড, দুই কোটি ৫০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। (আরও তথ্যসহ-১)
একই মামলায় ঘুষ গ্রহণে সহযোগিতা করার অপরাধে তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়াও আদালত ঘুষ বাবদ নেওয়া দুই কোটি ৪০ লাখ টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
সোমবার সকালে বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায় এ রায় দেন।
রায়ে বলা হয়েছে, আসামিদের আটকের দিন থেকে এ রায় কার্যকর হবে। গত ৩ ফেব্র"য়ারি রাতে নাজমুল হুদাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। সিগমা হুদাকে গ্রেপ্তার করা হয় ৫ জুলাই।
রায় শুনে কাঠগড়ায় দাঁড়ানো বিএনপি নেতা নাজমুল হুদা বিচারকের প্রতি বলেন, "ধন্যবাদ, ধন্যবাদ মাই লর্ড।" সিগমা হুদা এ সময় নির্লিপ্ত ছিলেন। তবে তার ছোট বোন খুশি কবিরসহ আত্মীয়রা তখন কাঁদতে থাকেন।
অন্যান্য দিনের তুলনায় সোমবার আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সশস্ত্র পাহারা দিয়ে বিচারককে এজলাসে নিয়ে আসা হয়। এজলাসের ভেতরেও ছিল প্রায় ৫০ জন দাঙ্গা দমনকারী পুলিশ।
ঘুষ গ্রহণের অভিযোগে গত ২১ মার্চ হুদা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। পরে ওই ঘুষের টাকা সিগমা হুদা প্রকাশিত সাপ্তাহিক 'খবরের অন্তরালে' নামের পত্রিকার হিসাবে জমা দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, সিগমা পরবর্তীতে 'খবরের অন্তরালে'র হিসাব থেকে ১ কোটি টাকা তুলে তার দুই মেয়ের নামে একটি বেসরকারি ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) করেন।
বিচারকাজ চলাকালে নাজমুল হুদা বেশ কয়েকবার অভিযোগ করেছিলেন, "আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্যই এ মিথ্যা মামলা সাজানো হয়েছে।"
গত ৫ জুলাই বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়। ৯ জুলাই থেকে এ মামলায় রাষ্ট্রপক্ষে ৪০ জন এবং আসামি পক্ষে ৮ জনসহ মোট ৪৮ জন সাক্ষ্য দেন।
সাক্ষ্য নেওয়া শেষ হয় ২৩ জুলাই। এরপর ৭ আগস্ট থেকে শুরু হয় যুক্তিতর্ক। ১৪ আগস্ট আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক অমর কুমার রায় ঘোষণার দিন এ দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল রায়ের প্রতিক্রিয়ায় বলেন,"এই রায় প্রমাণ করল অপরাধ করে কেউই পার পাবে না। অন্য অপরাধীদের জন্য এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।
রায় সম্পর্কে জানতে চাইলে আসামি পক্ষের আইনজীবী কিউসি আজমালুল হোসেন,"কোনো মন্তব্য নেই।"
দুর্নীতি দমন কমিশনের আরও একটি মামলাসহ বিভিন্ন অভিযোগে নাজমুল হুদার নামে মোট ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/ইএইচবি/এএইচডি/এসকে/এমএইচবি/১৯৩২ ঘ.
bdnews24