২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পংকজ দেবনাথের ১৩ বছরের কারাদন্ড, স্ত্রীর ৬

অবৈধ উপায়ে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের ১৩ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 10:35 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--অবৈধ উপায়ে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের ১৩ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। আসামির আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে। এছাড়া স্বামীকে সহায়তা করার অভিযোগে পংকজ দেবনাথের স্ত্রী মনিকা দেবনাথকে ৬ বছরের কারাদন্ড, ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। মনিকা দেবনাথ বর্তমানে পলাতক রয়েছেন। তার আত্মসমর্পণ বা আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে। রোববার দুপুরে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালত এ রায় ঘোষণা করেন। বিচারক তার রায়ে বলেন, অবৈধ সম্পত্তি অর্জনের জন্য পংকজ দেবনাথের ১০ বছর সশ্রম কারাদন্ড ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হলো। এছাড়া সম্পত্তির তথ্য গোপনের জন্য তিন বছরের কারাদন্ড দেওয়া হলো। অন্যদিকে স্বামীকে সহায়তা করার জন্য মনিকা দেবনাথকে তিন বছরের কারাদন্ড এবং সম্পত্তির তথ্য গোপন করায় আরও তিন বছরের কারাদন্ডসহ দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। তবে দুটি সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট তিন বছর কারাভোগ করতে হবে। রায়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবী ইউসুফ মাহাবুব মোর্শেদ বলেন,"রাষ্ট্রপক্ষ পংকজ দেবনাথ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। যে রায় দেওয়া হয়েছে তা সঠিক হয়নি। আমরা যেসব তথ্য প্রমাণ হাজির করেছি বিচারক তা আমলে নিলে রায়টা ভিন্ন হতে পারতো।" পক্ষান্তরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের বলেন, তারা অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং রায়ে তারা সন্তুষ্ট। গত ২২ মার্চ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব-বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া এবং জানা আয়-বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ এনে পংকজ দেবনাথ ও তার স্ত্রীর বিরুদ্ধে কমিশনের সহকারী পরিচালক আব্দুল লতিফ বাদী হয়ে ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, পংকজ দেবনাথ ঘোষিত আয়-বহির্ভূত ৩২ লাখ টাকার স্থায়ী সঞ্চয়সহ (এফডিআর) ৬৫ লাখ ১৬ হাজার ৬ শ ১৬ টাকার সম্পত্তি অর্জন করেছেন। তার স্ত্রী মনিকা দেবনাথ এই সম্পত্তি অর্জনে সহযোগিতা করেছেন। বিশেষ জজ আদালতে গত ২৭ জুন এ মামলার অভিযোগ গঠন করা হয়। ১ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৫৩ জন এবং আসামি পক্ষে ৪ জনসহ মোট ৫৭ জন সাক্ষ্য দেন। । গত ১৬ আগস্ট রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার এ দিন ধার্য করেছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/১৬১৭ঘ.