ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সান্ধ্য আইন জারি হওয়ার শেষ মূহুর্তে বুধবার নগরবাসীকে দেখা গেছে তড়িঘড়ি করে ঘরমুখি হতে। পুরো শহর জুড়ে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। মাঝে মাঝে পুলিশ, র্যাব ও বিডিআর এর গাড়ির তীব্র সাইরেন জানান দিচ্ছে সান্ধ্য আইন ঘনিয়ে এলো বলে।
রাজধানীর ব্যস্ত এলাকা ফার্মগেটে রাত পৌন ৮ টায় দেখা যায় বাস - রিকশার জন্য অসংখ্য মানুষের জটলা। যাত্রী বোঝাই একটি মিরপুরগামী লোকাল মিনিবাস এসে থামতে না থামতেই নারী - পুরুষের একটি দল হামলে পড়ে বাসটিতে ওঠার জন্য। হুড়োহুড়ি, গুঁতোগুতির মধ্যে কেউবা ঝুলে পড়েন হাতল ধরে। বেশীর ভাগই রয়ে যান বাস স্ট্যান্ডেই।
আনন্দ সিনেমা হল, ফার্মগেট ওভারব্রিজ ও ফার্মগেট পুলিশ বক্সের সামনে বিপুলসংখ্যক পুলিশকে অলস সময় কাটাতে দেখা যায়। তেজগাঁও কলেজের সামনের ফুটপাতে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছে পুলিশ।
ওভারব্রিজের আশেপাশে অসংখ্য রিকশার জটলা থেকে শেষ সময়ের যাত্রী ধরার জন্য রিকশা ওয়ালারা হেঁকে চলেন, "এই মিরপুর, মিরপুর! এই নাখালপাড়া, নাখালপাড়া!"
পান্থপথ বউবাজারে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দেখা যায় কাঁচাবাজারে শেষমূহুর্তের কেনাকাটার ব্যস্ততা।
এর আগে রাসেল স্কোয়ার ও শুক্রাবাদের মোড়ে মোড়ে পুলিশ বাঁশি বাজিয়ে হটিয়ে দেয় বিক্ষোভকারী জনতাকে। মিরপুর সড়ক জুড়ে দেখা যায় এখানে সেখানে গাড়ির ভাঙা কাঁচ, ইটের টুকরো আর পোড়া টায়ারের ছাই।
রাত সাড়ে ৮টায় ধানমণ্ডি ১৫ নম্বর মোড়ে দেখা যায় সান্ধ্য আইনে আটকে পড়া সিএনজি চালিত বেবি ট্যাক্সি ও ভাড়ার গাড়িকে পুলিশ ভ্যানের পেছনে আশ্রয় নিয়ে অসহায়ভাবে বসে থাকতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এলএইচ/ এসকে/২০২০ ঘ.
bdnews24