রাজশাহী, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ বলেছেন, সত্য বলার জন্যই তার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজশহীতে সাংবাদিকদের তিনি একথা বলেন। এরপর বিকালে নওগাঁ ও সন্ধায় বগুড়ায় যান তিনি।
হান্নান শাহ শুক্রবার দুপুরে রাজশাহীতে শাহ মখদুম এর মাজার জিয়ারত করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ''দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড সমর্থন করলেও দূর্নীতির লেবাস পরিয়ে কাউকে হয়রানি করা এবং তাদের হেয় করার চেষ্টা আমি সমর্থন করি না। সত্য বলার জন্য আমার বিরুদ্ধেও পাঁচটি মামলা হয়েছে।''
দুর্নীতির অভিযোগে আটক রাজনৈতিক নেতাদের মধ্যে যারা আদালতে দোষী প্রমাণিত হবেন দলে তাদের ঠাঁই হবে না বলেও মন্তব্য করেন হান্নান শাহ।
জাতীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি রুহুল কবীর রিজভী, সাবেক সাংসদ জাহান পান্নাসহ রাজশাহী বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী এ সময় হান্নান শাহ'র সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের নওগাঁ প্রতিনিধি জানান, বিকালে রাজশাহী থেকে নওগাঁ পোঁছান হান্নান শাহ। নওগাঁ অ্যডভোকেট বারে আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, "খালেদা জিয়া তার অবস্থানে অটুট থাকবেন।"
কথিত সংস্কারপন্থীদের ইংগিত করে তিনি বলেন, "অতীতেও কিছু দলছুট লোক ছিলো, বর্তমানেও আছে। তারা কোনো শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে না।"
পরে তিনি নওগাঁ কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত সাংসদ আলহাজ সামসউদ্দিন আহম্মেদ এর কবর জিয়ারত করেন। জেলা বিএনপির সভাপতি আহমেদ বকুল, সাধারণ সম্পাদক নাজমুল হক সনি, নওগাঁ বারের সাধারণ সম্পাদক এজেডএম রফিকুল আলমসহ দলের নেতা-কর্মীরা এসময় তার সঙ্গে ছিলেন।
বগুড়া প্রতিনিধি জানান, নওগাঁ থেকে ঢাকা যাওয়ার পথে সন্ধ্যায় বগুড়ার সেভওয়ে মোটেলে যাত্রাবিরতি করেন হান্নান শাহ। সেখানে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা ঐক্যবদ্ধ থাকুন। বিভ্রান্ত হবেন না।"
বিএনপির কথিত সংস্কারপন্থী ও দলছুট নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "শূন্যস্থান পুরণ করা শিখেছি। নির্বাচন আসলে এসব শূন্যস্থান পুরণ করা হবে।"
শুক্রবার রাতেই তিনি ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/এসকে/এফএইচবি/জেকে/২৩০৮ ঘ.
bdnews24