ঢাকা, আগস্ট ১৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব আবদুল মান্ন্না ভূঁইয়া 'আগে নির্ভূল ভোটার তালিকা প্রণয়ণ ও পরে আলোচনা' করার উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার দুপুরে গুলশানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,''কমিশনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের আরও ১৬ মাস বাকি । রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ব্যাপারে তাদের তাড়াহুড়া করার কিছু নেই। বরং ভোটার তালিকা প্রণয়নে কমিশনের সর্বশক্তি নিয়োগ করা উচিত।''
একই সঙ্গে মান্নান ভূঁইয়া নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় বসার আগে অন্ততঃ ঘরোয়া রাজনীতি চালু করার দাবি জানান।
আগামী মাস থেকে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করবে বলে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদার মন্তব্যের কয়েকদিন পর শুক্রবার বিএনপি মহাসচিব তার দলের অবস্থান পরিস্কার করেন।
তিনি বলেন, '' নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবগুলোর অধিকাংশের বিষয়ে মোটামুটি আমরা সবাই একমত হবো। কিছু প্রস্তাব আছে যেগুলো নিয়ে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সঙ্গে কমিশনের আলোচনা করতে হবে। তবে এটা এখনই করার প্রয়োজন নেই। নির্বাচনের ৮/১০ মাস আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ আলোচনা হতে পারে।''
বিএনপি মহাসচিব নির্ভূল ভোটার তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন,'' এ কাজে কমিশনকে সর্বশক্তি নিয়োগ করতে হবে। তারা সঠিকভাবে ভোটার তালিকা করতে পারলে তাদের ঘোষিত রোডম্যাপ ঠিক থাকবে। তাই আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব ভোটার তালিকা প্রণয়নের কাজ মনোযোগ দিয়ে করতে। আলোচনা একটু পরে হতে হবে।''
সেপ্টেম্বরে কমিশন আলোচনার জন্য ডাকলে তার দল অংশ নেবে কিনা জানতে চাইলে মান্নান ভুইয়া বলেন, ''এখনই কিছু বলা যাবে না। আগে চিঠি পাই। তবে আমি চাইব, আলোচনার আগে ঘরোয়া রাজনীতি চালু হবে।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৫২৩ ঘ.
bdnews24