ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কাউন্সিল ও সংস্কার প্রশ্নে বিএনপির 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খান বলেছেন, কাউকে বাদ দেওয়ার জন্য নয়, সংস্কার প্রস্তাব আনা হয়েছে দলকে আরও গণতান্ত্রিক করতে।
চেয়ারপারসনের অনুমতি নিয়েই দলের কাউন্সিল করা হবে বলেও জানান তিনি।
শনিবার দুপুরে গুলশানের বাসায় বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করার পর জেড এ খান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, "দলের কাউন্সিল অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি চলছে। এটি শেষ হলে নেত্রীর অনুমতি নিতে আমরা তার সঙ্গে দেখা করব। তিনি অনুমতি না দিলে গঠনতন্ত্র অনুযায়ী আমরা এগোব।"
চেয়ারপারসন কাউন্সিলের অনুমতি দেবেন বলে আশা প্রকাশ করেন জেড এ খান।
এছাড়া, দুপুরে মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করার পর দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনও নমনীয় মনোভাব দেখান। সাংবাদিকদের তিনি বলেন, "আমরা যা কিছু করছি, তা দলের মঙ্গলের জন্যই। কাউকে বাদ দেওয়ার জন্য আমাদের এ উদ্যোগ নয়।"
তিনি খুলনায় বন্ধ হওয়া পাটকল শ্রমিকদের সব পাওনা দ্রুত পরিশোধের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানান। আশরাফ হোসেন বলেন, "দাতাগোষ্টীর চাপে সরকার পাটকলগুলো বন্ধ করে দিয়েছে। এর ফলে বেকার হয়েছেন শত শত শ্রমিক।"
তিনি বন্যা দুর্গতদের পাশে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএইচবি/১৯০৭ ঘ.
bdnews24