ফেনী, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক ড. ফেরদৌস আহমদ কোরেশী বলেছেন, প্রধান দুই নেত্রীকে রাজনীতি থেকে 'মাইনাস' করার চিন্তাভাবনা তিনি সমর্থন করেন না। অবশ্য স্বাভাবিকভাবে রাজনীতি থেকে তারা সরে গেলে সেটি হবে ভিন্ন বিষয়।
সোমবার ফেনীতে দেশবাংলার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের প্রশংসা করে ফেরদৌস কোরেশী বলেন, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সময়ে ফেনীবাসী প্রচুর অস্ত্রের ব্যবহার দেখেছে। এসব অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য ফেনীতেও অভিযান চালাতে হবে।
১১ জানুয়ারির আগে দুটি দল দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিল মন্তব্য করে তিনি বলেন, "এখন যারা সংস্কার প্রস্তাব দিচ্ছেন সেগুলো তখন দেওয়া হলে তারা জ্যান্ত বাড়ি ফিরতে পারতেন কিনা সন্দেহ আছে।"
প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি ভবিষ্যতে কট্টর ডানপন্থী ও কট্টর বামপন্থীদের সঙ্গে কোনো সমঝোতা করবে না বলে তিনি জানান।
নতুন দলের পেছনে সরকারের আশীর্বাদ আছে- এমন প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকার নতুন দল গঠনের পরিবেশ সৃষ্টি করেছে। সরকারের উচিত সব দলকে সহায়তা করা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২০১ ঘ.
bdnews24