ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সরকার ভোটার তালিকা বিষয়ক আইন শিগগিরই চূড়ান্ত করতে যাচ্ছে। আর এই আইনটি চূড়ান্ত হলেই আগামী মাসে রাজশাহীতে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু করবে কমিশন।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় চূড়ান্ত ভোটার তালিকার কাজ শুরু করার আগে ১৯৮২ সালের অধ্যাদেশটি সংশোধন করে এতে ছবিসহ ডিজিটাইজড ভোটার তালিকার বিষয়টি অন্তর্ভূক্ত করা দরকার। আমরা আশা করছি, রাষ্ট্রপতি শিগগিরই একটি নতুন অধ্যাদেশ জারি করে বা ১৯৮২ সালের অধ্যাদেশে সংশোধনী এনে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
গত শনিবার উপদেষ্টা পরিষদের সভায় কমিশনকে বিভিন্ন বিধি প্রনয়ণের ক্ষমতা দেওয়ার নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ছহুল হোসাইন বলেন, "এটি করা খুব জরুরি। আমার মনে করছি, সরকারের এই সিদ্ধান্ত স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি।"
নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয় (এখন প্রধান উপদেষ্টার কার্যালয়) থেকে পৃথক করে স্বাধীন করার জন্যও সরকার অতিদ্রুত পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। কমিশনার বলেন, এ সংক্রান্ত একটি প্রস্তাবিত আইনের খসড়া প্রায় একমাস আগে আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অধ্যাদেশ আকারে এ জন্য আইন করার উদোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে আমরা জেনেছি।
রাজশাহী সিটি করপোরেশনের চূড়ান্ত ভোটার তালিকা তৈরির অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণের কথা জানিয়ে ছহুল হোসাইন বলেন, "সেখানে আমরা নির্বাচন কর্মকর্তা, আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলেছি। সবাই খুব আগ্রহ নিয়ে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হওয়ার অপেক্ষা করছে।"
নির্বাচন কমিশনার জানান, রাজশাহীতে শ্রীপুরের ভোটার তালিকা তৈরির পাইলট প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। একই সঙ্গে ভোটারদের দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র।
তিনি জানান, রাজশাহী সিটি করপোরেশনে প্রায় তিন লাখ ভোটার তালিকাভূক্ত হবেন। সেখানে ল্যাপটপসহ ৩০০ টি ইউনিট তালিকা তৈরির কাজ করবে। এই কাজে সেনাবাহিনী প্রযুক্তি সহায়তা দেবে। প্রতি পাঁচজন তথ্য সংগ্রহকারীর কাজ পর্যবেক্ষণে একজন তদারককারী নিয়োগ করা হবে ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/ ১৫৫৯ ঘ.
bdnews24