ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সম্পর্কে টেলি - কনফারেন্সে দলের চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন দলটির সংস্কারপন্থী নেতারা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেড এ খান বলেন, "কারো নিরঙ্কুশ ক্ষমতা খর্ব করতেই আমরা দলের সংস্কার প্রয়োজন এ কথা বলছি। অতীতে গণতন্ত্রের মুখোশ পড়ে এভাবেই নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগ করে একক সিদ্ধান্তে অধ্যাপক বি. চৌধুরী ও মেজর (অব.) মান্নানকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।"
সোমবার দুপুরে গুলশানের বাসায় বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জেড এ খান এ কথা বলেন।
বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে অষ্ট্রেলিয়ার বিএনপি নেতাদের সঙ্গে এক টেলি - কনফারেন্সে খালেদা জিয়া সংস্কারপন্থীদের নেতা মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ পুনর্ব্যক্ত করেন। খালেদা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আভাস দেন।
ওই দিন খালেদা জিয়া বলেছিলেন, ''বিএনপিকে ভাঙাই তাদের এজেন্ডা। সংস্কারবাদীরা এখন নিজেদের এতদিনের অপকর্ম ঢাকা দিতে তাদের যা বলা হচ্ছে, তাই করছে।''
এর প্রতিক্রিয়ায় খালেদার উপদেষ্টা জেডএ খান বলেন, "কাঁচের ঘরে থেকে কাউকে ঢিল মারা উচিৎ নয়। চেয়ারপারসনের টেলি - কনফারেন্সের বক্তব্য দলে বিভেদ সৃষ্টি করছে। কিন্তু আমরা চাই দলকে ঐক্যবদ্ধ রাখতে। গত পাঁচ বছর দলকে শহীদ জিয়ার আদর্শ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল।"
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, "চেয়ারপারসন যদি আমাদের বিশ্বাসঘাতক বা দল থেকে বের করে দেওয়ার কথা বলেন, তাহলে আমরা তার সঙ্গে দেখা করবো কী ভাবে? তবে তিনি যদি আমন্ত্রণ জানান, অবশ্যই আমরা তার সঙ্গে দেখা করতে যাবো।"
গঠনতন্ত্র অনুযায়ী দলের কাউন্সিল অনুষ্ঠানের আগে অনুমতি নিতে তারা চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বলেও তিনি জানান।
''বামপন্থীরা ধর্মকর্ম করে না'', খালেদা জিয়ার এই বক্তব্যেরও সমালোচনা করেন জেড এ খান ।
বিএনপি মহাসচিবকে দল থেকে বহিস্কার করা প্রসঙ্গে তিনি বলেন, "চেয়ারপারসন একক কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি একক কোনো সিদ্ধান্ত নিলে বলার কিছু নেই। কিন্তু আমরা চাই, গঠনতন্ত্রের এই ধারাটি পরিবর্তন করে সবাই মিলেই যে কোনো সিদ্ধান্ত নেবো।"
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা সংস্কার বিরোধীদের সমালোচনা করে আরো বলেন, "আমাদের সঙ্গে যারা নেই, তারা গত পাঁচ বছর প্রশাসন ও রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে দূর্নীতি করেছে। তারা যে দূর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, তা দেশের মানুষ জানে।"
তবে এর পরেও খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, এ কথা মনে করিয়ে দিয়ে জেড এ খান বলেন, "আমরা দলকে দূর্নীতিমুক্ত এবং ঐক্যবদ্ধ রাখতেই কাজ করছি। এখন যদি উনি আমাদের বিশ্বাসঘাতক বলেন, তবে বলবো, ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে রক্ষা পেতে চায়, তার অবস্থাও এখন সে রকম।"
মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চেয়ারপারসনের বক্তব্য আপত্তিকর এবং দুঃখজনক। দলের জন্য যারা নিরলসভাবে কাজ করছেন, তাদেরকে যদি বের করে দেওয়ার কথা বলা হয়, তাকে কোনোভাবেই দলের নেতাকর্মীরা সঠিক সিদ্ধান্ত বলবেন না।"
টেলি - কনফারেন্সে খালেদা জিয়া যাদের সঙ্গে কথা বলেছেন, তারা কেউই দলের কাউন্সিলর নন বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার দুপুর পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, সিলেট ও কুমিল্লা এলাকার সাবেক দলীয় সাংসদ এবং জেলা নেতারা মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/বিআর/এসকে ১৪৫২ ঘ.
bdnews24