২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা সম্পত্তির হিসাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন

কারাবন্দী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুর্নীতি দমন কর্তৃপক্ষের (দুদক) কাছে ব্যক্তিগত সম্পত্তির হিসাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ব্যক্তিগত কর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে বিশেষ কারাগারে হাসিনার সঙ্গে দেখা করার পর বাইরে অপেক্ষমান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। আওয়ামী লীগ প্রধানের সঙ্গে সাক্ষাৎ শেষে মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা ভাল আছেন। ব্যক্তিগত সম্পত্তির হিসাব চেয়ে দুদকের দেওয়া চিঠি নিয়ে তিনি কথা বলেছেন। দুদক এর পক্ষ থেকে তাকে দেওয়া ছয় পাতার ফরমটি হাসিনা আমার কাছে হস্তান্তর করেছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 01:17 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কারাবন্দী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুর্নীতি দমন কর্তৃপক্ষের (দুদক) কাছে ব্যক্তিগত সম্পত্তির হিসাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ব্যক্তিগত কর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে বিশেষ কারাগারে হাসিনার সঙ্গে দেখা করার পর বাইরে অপেক্ষমান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। আওয়ামী লীগ প্রধানের সঙ্গে সাক্ষাৎ শেষে মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা ভাল আছেন। ব্যক্তিগত সম্পত্তির হিসাব চেয়ে দুদকের দেওয়া চিঠি নিয়ে তিনি কথা বলেছেন। দুদক এর পক্ষ থেকে তাকে দেওয়া ছয় পাতার ফরমটি হাসিনা আমার কাছে হস্তান্তর করেছেন।" আইনজীবী জানান, দুদকের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই শেখ হাসিনার সম্পত্তির হিসাব দেওয়া হবে। নগরীর গুলশান থানায় দায়ের করা প্রায় তিন কোটি টাকা চাঁদাবাজির মামলায় পুলিশ গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে। দুদক ব্যক্তিগত সম্পত্তির হিসাব চেয়ে একটি চিঠি বৃহস্পতিবার বিকেলে বিশেষ কারাগারে হাসিনাকে পৌঁছে দেয়। চিঠিতে সাত দিনের মধ্যে সম্পত্তি হিসাব দিতে বলা হয়েছে। শুক্রবারই এর কিছু আগে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতা সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাক্ষাৎ করেন। উপ মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, হাসিনার সঙ্গে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও খন্দকার মনিরুজ্জামানের সাক্ষাতের সময় কারা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মেজর সিদ্দিকী বলেন, এসময় যাতে কোনো চিঠি আদান -প্রদান না হয় বা হাসিনা যেন কোনো চেকে স্বাক্ষর না করতে পারেন তা নিশ্চিত করতেই কর্মকর্তাদের এই উপস্থিতি। কারাবন্দী শেখ হাসিনার সঙ্গে আত্মীয়দের সাক্ষাৎ করতে না দিলেও আইনজীবীদের সে সুযোগ কেন দেওয়া হচ্ছে, তা জানতে চাইলে উপ মহা কারা পরিদর্শক বলেন, "দুদকে সম্পত্তির হিসাব দেওয়ার বিষয়টি অতি জরুরি। সে কারণেই বিশেষ বিবেচনায় আইনজীবীদের তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে।" মেজর সিদ্দিকী জানান, হাসিনার আত্মীয়- স্বজনদের সহসাই সাক্ষাতের অনুমতি দেওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু ভাবছে না। এর আগে শেখ হাসিনা কারা কর্তৃপক্ষের কাছে যে চারজন আইনজীবীকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার আবেদন করেছিলেন, তাদের মধ্যে দুজন শুক্রবার তার সঙ্গে দেখা করলেন। বাকী দুজন আইনজীবী ফজলে নূর তাপস ও তৌফিক নেওয়াজকে সাক্ষাতের অনুমতি এখনো দেওয়া হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এলএইচ/বিআর/এসকে ১৯০৯ ঘ.