রংপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার রংপুরে আওয়ামী লীগের ডাকা আধাবেলা হরতাল আংশিক পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরের জাহাজ কোম্পানির মোড় ও বেতপট্টি এলাকায় বেশ কিছু দোকান পাট বন্ধ থাকলেও জীবনযাত্রা ছিলো প্রায় স্বাভাবিক।
এদিকে বিক্ষোভ মিছিল ও হরতাল আহ্বানের ঘটনায় বুধবার রংপুর শহর যুবলীগের সভাপতি মোস্তাফিজার রহমানসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া জরুরি আইন ভাঙার অভিযোগে বুধবার রাতে একটি মামলাও দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার হরতাল ডাকা হলেও শহরে রিকশাসহ সব যানবাহন চলাচল করেছে। অফিস, আদালত, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান ছিল খোলা। দূরপাল্লার যান চলাচল ছিল স্বাভাবিক।
কর্মসূচি চলার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি। সকাল থেকেই শহর জুড়ে প্রচুর দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
বুধবার বিকেলে শেখ হাসিনার মুক্তি দাবিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। এ মিছিল থেকেই বৃহস্পতিবার রংপুরে আধাবেলা হরতাল আহ্বান করা হয়।
এ ঘটনার পর পুলিশ জেলা যুবলীগ সভাপতি মোস্তাফিজার রহমান, ছাত্রলীগ সহসভাপতি মেহেদী হাসান জাহাঙ্গীর ও ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে।
এছাড়া রাতেই কোতয়ালি থানার দারোগা আব্দুল হান্নান বাদী হয়ে জরুরি ক্ষমতা আইনে ১৭ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
কোতয়ালি থানার আরপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, জরুরি অবস্থা ভেঙে মিছিল করার অভিযোগে জরুরি আইনে একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২১০ ঘ.
bdnews24