২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে হরতালের স্লোগান দিয়ে মিছিল

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার হরতালের আহ্বান জানিয়ে রংপুরে মিছিল হয়েছে। বুধবার বিকালে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা শহরে একটি মিছিল থেকে আধাবেলা হরতালের সমর্থনে লিফলেটও বিতরণ করে। বিকাল ৪টার দিকে জেলা শহরের জাহাজ কোম্পানির মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

রংপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার হরতালের আহ্বান জানিয়ে রংপুরে মিছিল হয়েছে। বুধবার বিকালে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা শহরে একটি মিছিল থেকে আধাবেলা হরতালের সমর্থনে লিফলেটও বিতরণ করে। বিকাল ৪টার দিকে জেলা শহরের জাহাজ কোম্পানির মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। মিছিল থেকে শেখ হাসিনার মুক্তি দাবিতে স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালনের জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানায় তারা। মিছিলকারীদের লিফলেটে বলা হয়, "দেশপ্রেমিক সেনাবাহিনীর সমর্থন নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসে দুর্নীতি দমনে কিছু পদক্ষেপ নিয়ে দেশবাসীর অকুণ্ঠ সমর্থন লাভ করে। কিন্তু প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর সরলতার সুযোগ নিয়ে গুটিকয়েক উপদেষ্টা 'মাইনাস-টু ফর্মুলা' বাস্তবায়নের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এরই অংশ হিসেবে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তাই এর প্রতিবাদে রংপুরবাসীকে বৃহস্পতিবার আধাবেলা হরতাল পালনের আহ্বান জানাই।" লিফলেটে রংপুরের আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে বলা হয়, "তারা এতদিন নেত্রীর হাত ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা নিলেও দুর্দিনে নিশ্চুপ থেকে সবাইকে হতাশ করেছেন।" ছাপানো এ লিফলেটের বিতরণকারী হিসেবে নিচে লেখা ছিল, "অনুরোধে- আওয়ামী পরিবারভুক্ত রংপুরবাসী।" তবে শহরে মিছিল হওয়ার কথা অস্বীকার করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহরে কোনও মিছিল হয়নি। চার-পাঁচ জন যুবক স্টেশন রোডে জড়ো হয়ে কয়েকটি স্লোগান দিয়ে সটকে পড়ে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৬ ঘ.