ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন এবং এনটিভি'র ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুদক।
জেলগেটে মামুনের ম্যানেজার গিয়াসউদ্দিন কাইয়ুমকেও জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
এছাড়া জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে ১৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার এ বিষয়ে শুনানি হবে।
মঙ্গলবার ওবায়দুল কাদেরকে জরুরি ক্ষমতা আইনের মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম, ৮১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় মার্শাল ডিস্টিলারিজের হারুন ফেরদৌসীর মামলায় মামুন ও কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক উপপরিচালক জহিরুল হক এবং একই তদন্ত কর্মকর্তা এনটিভির ব্যবস্থাপনা পরিচালক বাপ্পীকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথকভাবে আবেদন জানালে ঢাকার মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন তা মঞ্জুর করেন।
এ ছাড়া জ্ঞাত আয়-বর্হিভূত ৬২ কোটি ২১ লাখ ৯৯ হাজার ৫৪৫ টাকার হিসাব দুদকে না দেওয়ার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় গিয়াসউদ্দিন আল মামুন ও তার স্ত্রী শাহিনা ইয়াসমীনকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন দুদকের সহকারী পরিচালক তাহসিনুল হক। বুধবার মামুনের উপস্থিতিতে এর শুনানি হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচবি/এসকে/২০১৭ ঘ.
bdnews24