২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকবাল মাহমুদ টুুকুর বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগ গঠন

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া টুকুর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা আরেকটি মামলারও অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 04:51 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া টুকুর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা আরেকটি মামলারও অভিযোগ গঠন করেছে আদালত। রোববার বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন দুর্নীতির মামলায় টুকু, তার স্ত্রী রোমানা মাহমুদ, ছেলে আবেদ হাসান মাহমুদ ও মেয়ে সারা হাসিন মাহমুদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে সোমবার থেকে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন তিনি। গত ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে টুকু ও তার পরিবাবের সদস্যদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন। কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা গত ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন। অন্যদিকে একই আদালত রোববার দুপুর ১২টায় কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা মামলায় টুকুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বিচারক আগামী বৃহস্পতিবার এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। গত ৪ জুলাই এনবিআরের উপ কর কমিশনার মো. নুরুল আমীন কর ফাঁকির অভিযোগে টুকুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, টুকু ১৯৯৯-২০০০ থেকে ২০০৬-২০০৭ কর বর্ষ পর্যন্ত মোট ৩ কোটি ৮০ লাখ ৪৪ হাজার ৩৮ টাকার সম্পদের তথ্য গোপন করে ওই সম্পদের জন্য প্রযোজ্য আয়কর ফাঁকি দিয়েছেন। ইকবাল মাহমুদ টুকু গত ৩ ফেব্র"য়ারি যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন। ৩ জুলাই টুকুর স্ত্রী রোমানা মাহমুদ ও মেয়ে সারা হাসিন মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। একইদিন তার ছেলে আবেদ হাসান মাহমুদ মহ্নাগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। ১০ জুলাই ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক মামলা দুটি বিচারের জন্য সংসদ ভবনের বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/২২৪৭ ঘ.