ঢাকা, জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অনুমতি না দিলে খালেদা জিয়াকে বাদ দিয়েই কাউন্সিল করে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
কাউন্সিলে খালেদা বাদ সাধলে কাউন্সিলরদের সম্মতি নিতে তাদের সাক্ষর সংগ্রহ করে তলবি সভা ডাকা হতে পারে জানিয়ে মান্নান ভূঁইয়া শনিবার সাংবাদিকদের বলেছেন, ''চেয়ারপারসনের অনুমতি না পেলে আমরা তলবি সভার দিকে যাবো। জরুরি অবস্থা অনির্দিষ্টকালের জন্য চললে কাউন্সিল অধিবেশনের জন্য সরকারের কাছে অনুমতি চাওয়া হবে।"
বিএনপির প্রায় ২৭০০ কাউন্সিলরের অধিকাংশই মহাসচিবের সঙ্গে আছে দাবি করে সংস্কারপন্থি বলে পরিচিত একজন বিএনপি নেতা জানান, সাক্ষর সংগ্রহের পরই চেয়ারপারসনকে কাউন্সিলরদের মনোভাব জানিয়ে দেওয়া হবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী, এক তৃতীয়াংশ কাউন্সিলর একমত হলেই কাউন্সিল ডাকা যাবে।
এখানে উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮২ সালের শেষের দিকে দলের স্থায়ী কমিটির সদস্য শামসুল হুদা চৌধুরী ও ডা. এম এ মতিনের নেতৃত্বে গাবতলীতে বিউটি প্রেক্ষাগৃহে তলবি সভা হয়েছিল। ওই সভায় হুদা মতিনের নেতৃত্বে বিএনপি ভাগ হয়। এসময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া।
শনিবার দুপুরে গুলশানের বাসায় সাংবাদিকদের কাছে মান্নান ভূঁইয়া শুক্রবার দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় তাঁর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করেন।
তিনি বলেন, ''বাবু গয়েশ্বর চন্দ্র রায় আমার বরাত দিয়ে যেসব বক্তব্য রেখেছে, তা সঠিক নয়। দলের কাউন্সিল কার নেতৃত্বে হবে সে সর্ম্পকে আমার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। তাঁর বক্তব্যের সঙ্গে আমার কোনো সংশ্লেষ নেই। তিনি সংস্কার প্রস্তাবের সঙ্গে সমর্থন জানাতে এসেছিলেন।''
শুক্রবার গয়েশ্বর চন্দ্র রায় মহাসচিবের সঙ্গে সাক্ষাতের পর উপস্থিত সাংবাদিকদের বলেন, ''আমার সঙ্গে মহাসচিবের কথা হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে কাউন্সিল হবে বলে আমাকে আশ্বস্ত করেছেন। আমি মনে করি চেয়ারপারসন ও মহাসচিবের সঙ্গে সংস্কার নিয়ে কোনো প্রক্রিয়াগত বিরোধ ও দ্বিমত নেই।''
গয়েশ্বরের এই বক্তব্যে 'সংস্কারপন্থিদের' মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শুক্রবার রাতে বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন গয়েশ্বরের বক্তব্যের প্রতিবাদ জানান।
শনিবার মান্নান ভূঁইয়া বলেন," দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল হবে। কার নেতৃত্বে হবে তা গঠনতন্ত্রে বলা আছে। গঠনতন্ত্রের স্বাভাবিক নিয়ম হচ্ছে কাউন্সিলের জন্য চেয়ারপারসনের অনুমতি নেওয়া। উনি অনুমতি দিলে ভাল। যদি না দেন, সেক্ষেত্রে তলবি সভার দিকে যেতে হবে।"
কবে ও কখন চেয়ারপারসনের কাছে অনুমতির জন্য যাবেন প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, "আমরা কাউন্সিলের প্রস্তুতি নিয়ে কাজ করছি। কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ চলছে। কোথায় কি কমিটি আছে, সেগুলোর খোঁজ-খবর নিচ্ছি। এসব কাজ শেষ হলেই আমরা চেয়ারপারসনের কাছে যাব।"
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন," কাউন্সিল অনুষ্ঠানের জন্য একটি প্রস্তুতি কমিটি করা হবে। সেই কমিটি নির্ধারণ করবে কে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করবেন।"
জরুরি অবস্থার মধ্যে কাউন্সিল অনুষ্ঠানের সম্ভাবনা সর্ম্পকে তিনি বলেন, "জরুরি অবস্থা যদি অনির্দিষ্টকালের জন্য থাকে, সেক্ষেত্রে কাউন্সিল করতে আমরা সরকারের কাছে অনুমতি চাইব।"
সংস্কার প্রস্তাব নিয়ে চেয়ারপারসনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া বলেন, "সংস্কার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে মত আছে। চেয়ারপারসন দুই-এক জায়গায় আমাদের সংস্কার প্রস্তাবের বিপক্ষে কথা বলেছেন। এজন্য সন্দেহ সৃষ্টি হয়েছে।"
তিনি জানান, দলের সংস্কার প্রস্তাবের কপি ইতিমধ্যে চেয়ারপারসনরে কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
চেয়ারপারসনের সঙ্গে যোগাযোগ আছে কিনা জানতে চাইলে মান্ন্না ভূঁইয়া হ্যাঁ সূচক জবাব দেন।
তিনি বলেন, '' দলের চেয়ারপারসনকে সময় হলেই সবকিছু জানানো হবে। উনি আমাদের সঙ্গে আছেন। সময় হলেই সম্পৃক্ত হবেন।''
খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগে সরকারের তরফ থেকে কোনো বাধা আছে কিনা জানতে চাইলে মান্নান ভূঁইয়া না সূচক জবাব দেন।
এসময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন ও সাবেক সাংসদ নজির হোসেন উপস্থিত ছিলেন।
গত ২৫ জুন মান্নান ভূঁইয়া বিএনপির জন্য ১৫ দফা সংস্কার প্রস্তাব ও ১২ জুলাই জাতির জন্য ১৪ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেন।
এদিকে শনিবার সকাল থেকে গুলশানের বাসায় দিনাজপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কুষ্টিয়া, পারনার সাবেক সাংসদ ও জেলা নেতারা মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৪৩০ ঘ.
bdnews24