ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরীয়া হত্যার প্রতিবাদে শোক সভা ও হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা মামলার রায়ে ১৪ দলের ১০ নেতা-কর্মীকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম এবিএম আব্দুল ফাত্তাহ এই রায় দেন।
এরা হলেন জাসদের মহানগর নেতা আশরাফুল হক ঝন্টু, ওয়াকার্স পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান খান, যুবমৈত্রী নেতা আব্দুল্লাহ-আল মামুন, যুবজোট নেতা আসিফুর রহমান বাবু এবং ১৪ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ফিরোজ আহমদ, মনিরুজ্জামান, মো. ইয়াছিন, শাহআলম ও ফায়েকুজ্জামান। তারা এ মামলায় জামিনে ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৭ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এএসএম কিবরীয়া হত্যার প্রতিবাদে পরদিন কেন্দ্রীয় শহীদ মিনারে শোকসভা এবং ১৪ দলের ডাকা হরতালকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ১৪ দল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই ঘটনায় পুলিশ ১৪ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে। এরমধ্যে ২৮ জানুয়ারি রমনা থানার উপ-পরিদর্শক মো. মশিউর রহমান বাদি হয়ে ১৪ দলের ৫/৬শ' নেতা-কর্মীকে অভিযুক্ত করে একটি মামলা করেন। তদন্ত শেষে ওই ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
কিন্তু রাষ্ট্রপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত ওই ১০ জনকে খালাস দেন।
আদালতে অভিযুক্তদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত এবং অ্যাডভোকেট আকছির এম চৌধুরী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/জেকে/এমএইচবি/১৯৫৬ ঘ.
bdnews24