রাজশাহী, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিটি মেয়র ও সাবেক বিএনপি সাংসদ মিজানুর রহমান মিনুকে বিশেষ ক্ষমতা আইনে আরও তিন মাস আটকাদেশ দেওয়া হয়েছে।
এক মাস আটকাদেশের মেয়াদ শেষের পর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন আটকাদেশের নির্দেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়।
জরুরি ক্ষমতা বিধিমালায় আটক মেয়র মিনুকে বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরা শেষে আবার তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক মাহবুব উল কুদ্দুস সিদ্দিকী জানান, বৃহস্পতিবার মেয়র মিনুর এক মাসের আটকাদেশ শেষ হয়। ওইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে বিশেষ ক্ষমতা আইনে অন্তরীণ রাখতে আরও তিন মাস আটকাদেশ দেওয়া হয়।
গত ৬ জুন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে মেয়র মিনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর পর মিনুর আইনজীবীরা দায়রা জজ আদালতে একটি মিসকেস করলে ১০ জুন তাকে আদালত জামিন দেন। জামিনে মুক্তির পরদিন ১১ জুন পুলিশ তাকে জরুরি ক্ষমতা বিধিমালায় সিটি কর্পোরেশন থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করে। ওই সময় তাকে এক মাস আটকাদেশ দেওয়া হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৯ ঘ.
bdnews24