ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গঠনতন্ত্র লঙ্ঘনের কথা আবারো অস্বীকার করলেন বিএনপির 'সংস্কারপন্থী'রা। খালেদা জিয়ার অভিযোগের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন বলেছেন, "গঠনতন্ত্রের কোন ধারা লঙ্ঘন হয়েছে সেটি তাকে জানাতে হবে।"
মঙ্গলবার দুপুরে গুলশানে দলের মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার বাসায় তার সঙ্গে দেখা শেষে আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, "গঠনতন্ত্রের কোন ধারা লঙ্ঘন করেছি তা সুনির্দিষ্টভাবে বলতে হবে। আমরা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। আমাদের বর্তমান সংস্কারের উদ্দেশ্য দলের ভেতরে অধিকতর গণতন্ত্রের চর্চা নিশ্চিত করা।"
তিনি অভিযোগ করেন, চেয়ারপারসনের একক নেতৃত্বের কারণেই দল তথা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয় স্বীকার না করে চেয়ারপারসন এখনও একক নেতৃত্বের মনোভাব নিয়ে কথা বলছেন। এটা পাল্টাতে হবে।
গত রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটস প্রবাসী যুবদল নেতা-কর্মীদের সঙ্গে টেলি সংলাপে খালেদা জিয়া 'সংস্কারপন্থী'দের বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ তোলেন।
এর জবাবে আশরাফ হোসেন বলেন "দল ভাঙা নয় একে আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি। আর বিএনপি গঠনের শুরুতে বিভিন্ন দল থেকে নেতাদের এখানে আনা হয়েছিল।"
মঙ্গলবার মান্নান ভুঁইয়ার সঙ্গে বরিশাল, সিলেট, বগুড়া, ঝিনাইদহ, সুনামগঞ্জ, নরসিংদী ও খুলনার সাবেক সাংসদ ও জেলা নেতারা দেখা করে মহাসচিবের সংস্কার প্রস্তাবের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এসএনডি/২২০৯ ঘ.
bdnews24