ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার একজন ব্যক্তিগত কর্মকর্তা অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রীকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমীনকে দেখতে যেতে দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে ওই কর্মকর্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কী বুঝিয়েছেন তা পরিষ্কার করেননি।
খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা ও দৈনিক দিনকালের সম্পাদকীয় বিভাগের সহকারী সম্পাদক এ কে এম মহিউদ্দিন খান মোহন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল সাড়ে ৩টায় ম্যাডামের (খালেদা) ল্যাব এইডে যাওয়ার কথা ছিল। বিষয়টি তার নিরাপত্তায় নিয়োজিতদের আগেই জানানো হয়। কিন্তু মঙ্গলবার দুপুরের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তার কথা বলে তাকে ল্যাবএইডে যেতে মানা করে। এ কারণে শেষপর্যন্ত তিনি হাসপাতালে যেতে পারেননি।"
খালেদা জিয়া অসুস্থ শিল্পীকে দেখতে যেতে না পারায় দুঃখ প্রকাশ করে তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন মহিউদ্দিন খান।
প্রসঙ্গত, শেখ হাসিনা রোববার অসুস্থ সাবিনা ইয়াসমীনকে দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে সরকার এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তীব্র সমালোচনা করেন।
এদিকে খালেদা জিয়া ল্যাব এইডে আসবেন জানতে পেরে মঙ্গলবার দুপুর থেকে সেখানে ছাত্রদল ও যুব দলের বেশকিছু কর্মী জড়ো হন।
খালেদার অপেক্ষায় ল্যাব এইডে আগে থেক্ে উপস্থিত বিএনপি থেকে বহিস্কৃত সাবেক সাংসদ আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, "একজন জাতীয় শিল্পী অসুস্থ , তাকে দেখতে আসতে না দেওয়াটা কোনোভাবে গ্রহনযোগ্য নয়। এখানে তো কোনো রাজনীতি ছিল না। কেনো একজন সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে নিরাপত্তার কথা বলে আসতে বাধা দেওয়া হবে?"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৯৩২ ঘ.
bdnews24