ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলাটির কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
মওদুদ আহমেদের পক্ষে তার আইনজীবীর দায়ের করা মামলা খারিজ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আনোয়ারুল হক এবং এএফএম আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মামলাটির ওপর এই স্থগিতাদেশ দেন। একই সঙ্গে এই মামলা কেন খারিজ করে দেওয়া হবে না এ ব্যাপারে ব্যাখ্যা চেয়ে সরকারকে চার সপ্তাহের সময় বেঁধে দিয়েছে আদালত।
গত ১৩ এপ্রিল ভোরে মওদুদের গুলশানের বাসা থেকে ৩২ ক্যান বিয়ার ও ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে যৌথ বাহিনী। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়।
একই দিন গুলশান থানার উপপরিদর্শক কবির হোসেন বিশেষ ক্ষমতা আইনে মওদুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ২৫ মে এ মামলার অভিযোগপত্র দেন।
১৮ জুন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল শুল্ক ফাঁকি দিয়ে মদ আমদানি করে নিজের কাছে রাখার অভিযোগে ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
ব্যারিস্টার মওদুদ আহমেদের পক্ষে দায়ের করা খারিজ আবেদনের যৌক্তিকতা তুলে ধরতে তার পক্ষের আইনজীবী আজিজুল হক আদালতে বলেন, মামলার এজাহার, অভিযোগপত্র এবং অন্য কোন কাগজপত্রেই মদ জব্দ করার কথার উল্লেখ নেই। তাই এই অভিযোগ ভিত্তিহীন।
মওদুদের আইনজীবীর বিরোধীতা করে সরকার পক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ আদালতে বলেন, অবৈধভাবে মদ রাখার অভিযোগ মওদুদ আহমেদের বিরুদ্ধে রয়েছে। যা মাদক নিয়ন্ত্রন অধ্যাদেশের আওতায় পড়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১৫৩০ ঘ.
bdnews24