ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অঘোষিত 'নতুন দল' এর নেতারা প্রয়াত ছয় নেতাকে জাতীয় নেতার স্বীকৃতি দিয়ে তাদের সমন্বিত প্রতিকৃতি সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্থাপন বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
আগামী ডিসেম্বরেই তাদের দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন দল গঠন প্রক্রিয়ার মূল উদ্যোক্তা ফেরদৌস আহমদ কোরেশী।
যে ছয় নেতার প্রতিকৃতি স্থাপনের দলটির প্রস্তাব দলটি করেছে, তারা হলেন একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও আতাউল গনি ওসমানী।
রোববার দুপুরে সেগুন বাগিচায় 'নতুন দল' এর অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফেরদৌস আহমদ কোরেশী দুই প্রধান দলের নাম উল্লেখ না করে বলেন, ''তারকা রাজনীতি দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আমরা নতুন গঠনের মাধ্যমে ওই রাজনীতির অবসান ঘটাতে চাই।''
নতুন দলের আত্মপ্রকাশ ডিসেম্বরে ঢাকায় কনভেনশনের মাধ্যমে হবে জানিয়ে ফেরদৌস কোরেশী বলেন, আমরা আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেব। এ লক্ষ্যে সঠিক ও যোগ্য প্রার্থীর অনুসন্ধান চলছে।"
তিনি বলেন, "আমরা মঙ্গলগ্রহ থেকে তারকা বা প্রার্থী খুঁজছি না। তৃণমূল পর্যায়ে অনেক ব্যক্তি প্রার্থী রয়েছেন, যারা কালো টাকা ও সন্ত্রাসের জন্য প্রার্থী হতে পারেননি।"
দেশের দুই নেত্রীর চলাচল সঙ্কুচিত, অথচ এর মধ্যেই কোনও ধরনের সমস্যা ছাড়াই দল গঠন প্রক্রিয়া চালানোর বিষয়ে প্রশ্ন করা হলে কোরেশী বলেন, "খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেসব অভিযোগের তদন্ত চলছে বলে তারা নিরাপত্তার মধ্যে রয়েছেন। আমার বিরুদ্ধে তো কোনও অভিযোগ নেই।"
শেখ মুজিবকে জাতির জনক না বলার বিষয়ে কোরেশী নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন এভাবে-''বঙ্গবন্ধু এ দেশের গর্ব। তিনি নতুন জাতির স্বপ্ন দেখেছেন। তবে কোনও এক জনকে আমরা জনক বলতে চাই না। এ রকম জনক বা জাতির পিতা পৃথিবীর কোথাও নেই। ''
সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী ফিরোজ রশীদ, তাজুল ইসলাম চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ গাফ্ফার, নূর মোহাম্মদ খান, কামরুন্নাহার জাফর, আবুল হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মওলানা সাখাওয়াত হোসেন, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এন এ রফিকুল হোসেন, সাঈদ খোকন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24