ঢাকা, জুলাই ০৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির 'সংস্কারপন্থি' নেতা ও সহসভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, চেয়ারপারসন ও মহাসচিব-এর সমন্বয়ে দলে সংস্কার বাস্তবায়ন হবে। যারা মহাসচিবের সংস্কার প্রস্তাবকে গঠনতন্ত্র বিরোধী বলছেন, তারা দলে বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টি করছে।
রোববার দুপুরে গুলশানে মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বাসায় সাক্ষাৎ শেষে হাফিজউদ্দিন সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, "এতো বেশি সংখ্যক নেতা-কর্মী সংস্কারের পক্ষে যে, চেয়ারপারসন খালেদা জিয়া কাউন্সিলের অনুমতি দেবেন।"
শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি মহাসচিবের সংস্কার প্রস্তাব ঘোষণাকে অগঠনতান্ত্রিক মন্তব্য করা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, "মহাসচিব যা কিছু করেছেন, গঠনতন্ত্রের ভেতরে থেকে করেছেন। গঠনতন্ত্র না জেনে কথা বলা সঠিক নয়, এতে বিভ্রান্তি সৃষ্টি হয়।"
রোববার বরিশাল বিভাগ থেকে নির্বাচিত সাবেক কয়েকজন বিএনপি সাংসদ আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করেন।
মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করার পর দলের যুগ্ম মহাসচিব সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, '' আমরা ম্যাডাম ও মহাসচিবের সমন্বয়ে দলে সংস্কার আনব। আমরা স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাউন্সিল চাই। সেখানে আমি আমার সিদ্ধান্ত জানাব।''
বিএনপির সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, জহির উদ্দিন স্বপনসহ কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, রাজশাহী ও দিনাজপুরের নেতারা মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24