২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা কাউন্সিল গঠনসহ ছয় দফা সংস্কার প্রস্তাব আখতারুজ্জামানের

দেশে দক্ষ শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনসহ ৬ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছেন সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে তিনি এ প্রস্তাবের অনুলিপি সরবরাহ করেন। পরে আখতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে দেশের শাসন ব্যবস্থায় সেনাবাহিনীর সহযোগিতা অপরিহার্য। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং জবাদিহিতামূলক সরকার প্রতিষ্ঠায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সমন্বয় এবং সম্ভাব্য যে কোনও বিরোধপূর্ণ অবস্থায় একটি স্থায়ী তৃতীয় শক্তি হিসাবে সশস্ত্র বাহিনীর যোগসূত্র অত্যাবশ্যক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 02:38 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে দক্ষ শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনসহ ৬ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছেন সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে তিনি এ প্রস্তাবের অনুলিপি সরবরাহ করেন। পরে আখতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে দেশের শাসন ব্যবস্থায় সেনাবাহিনীর সহযোগিতা অপরিহার্য। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং জবাদিহিতামূলক সরকার প্রতিষ্ঠায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সমন্বয় এবং সম্ভাব্য যে কোনও বিরোধপূর্ণ অবস্থায় একটি স্থায়ী তৃতীয় শক্তি হিসাবে সশস্ত্র বাহিনীর যোগসূত্র অত্যাবশ্যক। এজন্যই আমি এ সংস্কার প্রস্তাব দিয়েছি।'' সাবেক এই সেনা কর্মকর্তা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে 'জয়েন্ট চিফ অব স্টাফ' নামে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমান্ড ও ২১ সদস্যের একটি স্বাধীন নিরাপত্তা কাউন্সিল গঠনের প্রস্তাব করেন। জয়েন্ট চিফ অব স্টাফ পদে সর্বশেষ সেনা প্রধানকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন আখতারুজ্জামান। প্রস্তাব অনুযায়ী ২১ সদস্যের নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান হবেন জয়েন্ট চিফ অব স্টাফ। তিন বাহিনীর প্রধান থাকবেন ভাইস চেয়ারম্যান হিসেবে। এছাড়াও বিডিআর, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান(র‌্যাব), পুলিশ, দুর্নীতি দমন কমিশন, রাজস্ব বোর্ডসহ বিভিন্ন পেশার বিশেষজ্ঞ ব্যক্তিরাও কাউন্সিলে সদস্য হিসেবে থাকবেন। আখতারুজ্জামান সর্বোচ্চ ৫৫ সদস্যের মন্ত্রিসভা গঠনের প্রস্তাব করেন। এর মধ্যে রাজনীতিবিদ থাকবেন ৩০-৩৩ জন এবং অরাজনৈতিক ও পেশাজীবী ২২ জন। জাতীয় সংসদের নির্বাচনের তিন মাস আগেই মন্ত্রিসভার রাজনৈতিক ব্যক্তিরা পদত্যাগ করবেন। নির্বাচনের সময়টাতে বাকি ২২ জন অরাজনৈতিক সদস্য সরকার পরিচালনা করবেন। এতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিলুপ্ত হবে। মন্ত্রিসভার অরাজনৈতিক ব্যক্তিদের মধ্যে সর্বশেষ অবসরপ্রাপ্ত জয়েন্ট চিফ অব স্টাফ, সর্বশেষ অবসরপ্রাপ্ত তিনজন প্রধান বিচারপতিকে রাখারও প্রস্তাব দেন এক সময়ের এই বিএনপি নেতা। আখতারুজ্জামানের প্রস্তাব অনুযায়ী দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। একই সঙ্গে রাজনৈতিক দলের প্রধান মন্ত্রিসভায় যোগ দিতে পারবেন না। তবে সংসদে ন্যূনতম শতকরা ৫ ভাগ প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের প্রধানরা মন্ত্রী পদমর্যাদা পাবেন। তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচন সংবিধানের বিদ্যমান নিয়মে করার প্রস্তাব করেছেন। কিন্তু শর্ত রেখেছেন, সাবেক কোনও প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএম/এমআই/২০২৭ ঘ.