বাগেরহাট, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম এ এইচ সেলিমের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এনিয়ে তার বিরুদ্ধে ১০টি মামলা হলো।
বৃহস্পতিবার রাতে চাঁদাবাজি, চিংড়ি ঘের দখল, মাছ ও অর্থ লুটের অভিযোগে নতুন মামলাটি করেছেন রামপালের ঘের ব্যবসায়ী শেখ গোলাম কিবরিয়া।
মামলায় সাবেক সাংসদসহ মোট ১৭ জনকে আসামী করা হয়। আসামীরা সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
রামপাল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শহিদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
এজাহারে অভিযোগ করা হয়, ২০০৩ সালের ২৮ মার্চ রাতে সেলিমের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নে গোলাম কিবরিয়ার একশ বিঘা জমির ওপর স্থাপিত চিংড়ি ঘেরটি প্রায় অর্ধ কোটি টাকার মাছসহ দখল করে নেয়। লুট করে দুই লাখ টাকার বিক্রয় যোগ্য মাছ এবং নগদ ৩৩ হাজার টাকা।
ওই ঘটনার আগে সেলিম বাদীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা নেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
বাদী গোলাম কিবরিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিম এবং তার সন্ত্রাসী চক্রের অব্যাহত হুমকির মুখে স্থানীয় থানায় ১০টি জিডি করেছিলেন তিনি। কিন্তু ভয়ে একটিতেও সেলিমের নাম উল্লেখ করতে পারেননি।
তিনি বলেন, "গত চার বছর ধরে বিচারের আশায় জেলা ও পুলিশ প্রশাসন, জেলার সিনিয়র বিএনপি নেতা এমনকি সেলিমের বাড়িতে পর্যন্ত ধর্না দিয়েছি। কোনও লাভ হয়নি। তাই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সুবিচারের আশায় এখন মামলাটি করেছি।"
মামলার অপর আসামীরা হলেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মজনেয়ার রহমান মজনু, রামপালের পেড়িখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, গোবিন্দপুর গ্রামের সেলিম হালদার, আসলাম হালদার ও আকরাম হালদার, রামপাল থানা বিএনপি নেতা গোলাম মোস্তফা ওরফে হালিম পাটোয়ারী, কাজী আসাবুজ্জামান বাবুল, কাজী আবুল বাশার, আলাউদ্দিন কুদরত, আতিকুর রহমান, সাইফুল্লাহ, আবু তালেব, মুক্ত শেখ, বাবু মুন্সী, সাহেব আলী শেখ ও স্বপন বিশ্বাস।
বিএনপিদলীয় সাবেক সাংসদ ও চ্যানেল ওয়ানের চেয়ারম্যান এম এ এইচ সেলিম গত ৭মার্চ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৪ ঘ.
bdnews24