খুলনা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কারখানা দখল ও মালামাল লুট এবং প্রায় ৩ কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ না করার অভিযোগে খুলনা মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে বুধবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডায়েরিতে তার ভাই জামায়াত নেতা গোলাম কুদ্দুস ও বিএনপি নেতা এস এ রহমান বাবুলের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
শিরোমনী আফিল জুট মিলের ব্যবস্থাপক (প্রশাসন) একেএম আলী আসগার খুলনা নগরীর খানজাহান আলী থানায় এই ডায়েরি করেন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুল হক এই লিখিত এজাহার দায়েরের খবরটি নিশ্চিত করেন।
অভিযোগে বলা হয়, ২০০২ সালের ১৮ জুলাই মিয়া গোলাম পরওয়ারের নির্দেশে তার ভাই জামায়াত নেতা গোলাম কুদ্দুস ও ফুলতলা উপজেলা বিএনপির নেতা এস এ রহমান বাবুল আফিল জুট মিল দখল করে নেয়।
এরপর তিন/চার বছর ধরে তারা মিলের অর্থ ও সম্পদ লুটপাট করে। মিলের নামে থাকা বিপুল পরিমাণ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে।
এ ছাড়া তারা মিলের ২ কোটি ৭৮ লাখ ২৬ হাজার ২৬৭ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রাখে। বিদ্যুৎ বিভাগ ওই সময় ভয়ে মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পারেনি।
এই ডায়েরি প্রসঙ্গে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, "একটি রাজনৈতিক প্রতিপক্ষ আমার রাজনৈতিক জীবনের স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত শক্তির কাছে পরাভূত ও ঈর্ষাম্বিত হয়ে মিল দখলসংক্রান্ত একটি অসত্য ও বানোয়াট অভিযোগ তৈরি করেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএইচবি/২২৫৪ ঘ.
bdnews24