ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ ও তার স্ত্রী মনিকা দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিশেষ জজ আদালত - ১ এর বিচারক মো. ফিরোজ আলম অভিযোগ গঠন করে আগামী রোববার সাক্ষ্য নেয়ার দিন ধার্য করেন। মামলার অভিযোগপত্রে মোট ৩৮ জনকে সাক্ষী করা হয়েছে।
গত ২২ মার্চ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব-বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া এবং জানা আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ এনে পংকজ দেবনাথ ও তার স্ত্রীর বিরুদ্ধে কমিশনের সহকারী পরিচালক আব্দুল লতিফ বাদী হয়ে ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, পংকজ দেবনাথ ঘোষিত আয় বহির্ভূত ৩২ লাখ টাকার স্থায়ী সঞ্চয়সহ (এফডিআর) ৬৫ লাখ ১৬ হাজার ৬ শ ১৬ টাকার সম্পত্তি অর্জন করেছেন। তার স্ত্রী মনিকা দেবনাথ এই সম্পত্তি অর্জনে সহযোগীতা করেছেন।
অভিযোগ গঠনের সময় পংকজ দেবনাথকে কারাগার থেকে আদালতে হাজির করা হলেও তার স্ত্রীকে এ মামলায় পলাতক দেখানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসি/১৭১৬ ঘ.
bdnews24